Advertisement
  • দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৬, ২০২৩

ডাচদের ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু পাকিস্তানের

আরম্ভ ওয়েব ডেস্ক
ডাচদের ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু পাকিস্তানের

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের পরিসংখ্যান একেবারেই ভাল নয়। ২০০৩ থেকে ২০১৯, আগের ৫টি বিশ্বকাপে ৪ বারই প্রথম ম্যাচে হারতে হয়েছিল। জয় শুধু ২০১১ বিশ্বকাপে, কেনিয়ার বিরুদ্ধে। এবারের বিশ্বকাপে হল্যান্ডকে ৮১ রানে হারিয়ে প্রথম ম্যাচে হারের হ্যাটট্রিক এড়াল পাকিস্তান। একইসঙ্গে দারুণভাবেই বিশ্বকাপ অভিযান শুরু করলেন বাবর আজমরা।

এদিন শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছিল ডাচরা। ৯.‌১ ওভারের মধ্যেই ৩ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তানের। ওপেনিং নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগতে হচ্ছে পাকিস্তানকে। ফখর জামান (‌১২)‌, ইমাম–উল–হকরা (‌১৫)‌ ফর্মের ধারেকাছে নেই। এদিনও ব্যর্থ। শুরুতেই উইকেট হারানোয় চাপে পড়ে যান অধিনায়ক বাবর আজম। চাপের মুখে তিনিও নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ১৮ বলে মাত্র ৫ রান করে আউট হন বাবর।

৩৮ রানে ৩ উইকেট হারানোর পর হাল ধরেন মহম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। জুটিতে ওঠে ১২০। এই জুটিই পাকিস্তানকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। ৫২ বলে ৬৮ রান করে আউট হন শাকিল। তিনি আউট হওয়ার পরপরই ফেরেন রিজওয়ান (‌৭৫ বলে ৬৮)‌। ৩২তম ওভারের তৃতীয় বলে রিজওয়ানকে তুলে নেন বাস দে লিড। ষষ্ঠ বলে ইফতিখারকে (‌৯)‌ ফিরিয়ে আবার চাপে ফেলে দেন পাকিস্তানকে। মহম্মদ নওয়াজ (‌৪৩ বলে ৩৯)‌ ও শাদাব খানের (‌৩৪ বলে ৩২)‌ জুটি পাকিস্তানকে ২৫০ রানের গন্ডি পার করে দেয়। দলকে ২৮৬ রানে পৌঁছে দেন শাহিন আফ্রিদি (‌১২ বলে অপরাজিত ১৩) ও হ্যারিস রউফ (‌১৪ বলে ১৬)‌। ‌৬২ রানে ৪ উইকেট তুলে নেন বাস দে লিড। ৩৯ রানে ২ উইকেট আকেরম্যানের।

জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল হল্যান্ডের কাছে। ৫০ রানের মধ্যে ম্যাক্স ওডোড (‌৫)‌ ও কলিন আকেরম্যান (‌১৭)‌ ফিরে গেলেও পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছিলেন বিক্রমজিৎ সিং ও বাস দে লিড। জুটিতে ওঠে ৭০। বিক্রমজিৎ (‌৬৭ বলে ৫২)–কে তুলে নিয়ে বাবর আজমকে চাপমুক্ত করেন শাদাব খান। হ্যারিস রউফের জোড়া ধাক্কা ব্যাকফুটে ঠেলে দেয় হল্যান্ডকে। ‌১ বলের ব্যবধানে তুলে নেন তেজা নিদামানুরু (‌৫)‌ ও স্কট এডওয়ার্ডসকে (‌০)‌।

বাস দে লিড অবশ্য লড়াই চালিয়ে যান। যদিও তাঁর সেই লড়াই দীর্ঘস্থায়ী হয়নি। ৬৮ বলে ৬৭ রান করে মহম্মদ নওয়াজের বলে তিনি আউট হন। ২৩ রান করে অপরাজিত থাকেন ভ্যান বিক। ৩৯.‌৫ ওভারে ১৯৭ রানে গুটিয়ে যায় হল্যান্ড। ২৮ রানে ২ উইকেট নেন হাসান আলি। ৪০ রানে ২ উইকেট নেন হ্যারিস রউফ। শাহিন আফ্রিদি, ইফতিখার আমেদ, মহম্মদ নওয়াজ ও শাদাব খান ১টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!