Advertisement
  • দে । শ
  • মে ১, ২০২৩

বিদেশ সফরে জয়শঙ্করের মোদি স্তুতি

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদেশ সফরে জয়শঙ্করের মোদি স্তুতি

সম্প্রতি তিনদিনের জন্যে ডোমিনিকান প্রজাতন্ত্রে সফরে গিয়ে ভারতের বিদেশনীতির ভূয়সী প্রশংসা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেছেন, ভারত অন্য দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায়ের ক্ষেত্রে একচেটিয়া কোনও পদক্ষেপে আস্থাশীল নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, জাপানের মতো দেশের প্রসঙ্গও এক্ষেত্রে টেনে এনেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেছেন, চিন যদিও ব্যতিক্রমী। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে গোলযোগের কারণে দু’দেশের সম্পর্ক অস্বাভাবিক। চিন সীমান্ত রক্ষণ চুক্তি লঙ্ঘন করেছে।

গত ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডোমিনিকান প্রজাতন্ত্রে সফর ছিল। ভারতের বিদেশনীতির সফল রূপায়নের জন্যে বিদেশের মাটিতে দাঁড়িয়ে জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢালাও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পরে ভারত মহাসাগর ও তার অন্তর্গত দ্বীপগুলির ক্ষেত্রে ২০১৫ সালে প্রথমবার সার্বিক দৃষ্টিভঙ্গি গৃহীত হয়েছে। মধ্য এশিয়ার সঙ্গে কার্যকরী সংযোগ গড়ে তুলতেও মোদি সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে বিদেশমন্ত্রী জয়শঙ্করের দাবি। এ থেকে মোদির নেতৃত্বাধীন ভারতের কূটনীতি সম্পর্কে ধারণা তৈরি হবে বলেই মনে করেন জয়শঙ্কর, যার মাধ্যমে বিভিন্ন মেরুর সম্পর্কের বাস্তবতা ফুটে উঠেছে ভারতীয় কূটনীতিতে। জয়শঙ্কর এও বলেছেন, এব্যাপারে প্রতিটি ক্ষেত্রেই পৃথক গুরুত্ব আরোপ করেছে ভারত। উপসাগরীয় দেশগুলি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গেও মোদি জমানায় ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথায়, মোদি জমানায় গত এক দশক ধরে ভারত একইসঙ্গে তার প্রতিবেশী দেশগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। ভারত সর্বাগ্রে নিজের প্রতিবেশীর স্বার্থকে গুরুত্ব দিচ্ছে এবং এক্ষেত্রে নাটকীয় সাফল্য মিলেছে বলেও ডোমিনিকান প্রজাতন্ত্র সফরে গিয়ে দাবি জয়শঙ্করের। উদাহরণ হিসেবে তিনি জানিয়েছেন, বিপদে পড়া শ্রীলঙ্কাকে চার বিলিয়ন ডলারের বেশি আর্থিক সহযোগিতা করেছে ভারত।

তবে চিনের পাশাপাশি জয়শঙ্কর পাকিস্তানেরও সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাতার সীমান্ত সন্ত্রাসে মদত জুগিয়ে চলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!