- দে । শ
- জানুয়ারি ১৬, ২০২৫
বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরানোর নির্দেশ
বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে টাকা নিলে তা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা চলে এসেছে। এরপরই পূর্ব বর্ধমান জেলার মেমারি ১নং ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বাংলার বাড়ি আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে ‘উন্নয়ন খাতে’ হাজার টাকা করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার কথা পরোক্ষে কবুলও করেছে অনেক পঞ্চায়েত। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। তড়িঘড়ি বৈঠক ডেকে পঞ্চায়েতগুলিকে জানিয়ে দেওয়া হয়, এই প্রকল্পের টাকা থেকে কোনও পঞ্চায়েত যদি টাকা নেয়, তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট উপভোক্তাকে ফিরিয়ে দিতে হবে।
কীভাবে টাকা ফেরত দিতে হবে, সেই পদ্ধতি সাধারণ নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে মেমারি ১নং ব্লক-সহ জেলার যেসব পঞ্চায়েতের বিরুদ্ধে ‘উন্নয়ন খাতে’ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, সেগুলির তদন্ত হবে।
ইতিমধ্যেই টাকা নেওয়া পঞ্চায়েতগুলোকে ফোন করে ভর্ৎসনা করেছেন মেমারি ১নং ব্লকের বিডিও শতরূপা দাস। জানতে চান, মানা করা সত্ত্বেও কেন টাকা নেওয়া হয়েছে? হুঁশিয়ারি দেন, আর যেন একটা পয়সাও না নেওয়া হয়। তবে প্রশাসনের কড়া অবস্থানের কথা জেনে মুখ খুলতে শুরু করেছেন টাকা দেওয়া উপভোক্তারা। সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য ও বিধায়কের কাছে গিয়ে টাকা ফেরতের দাবি জানিয়ে এসেছেন মেমারির নিমো, চৈতখণ্ড, আলুগ্রামের কয়েকজন উপভোক্তা। মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সাফ জানান, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবেই।
❤ Support Us





