- দে । শ
- জুন ১২, ২০২৩
পুণ্যার্থীদের ওপর লাঠিচার্জ, উত্তাল মহারাষ্ট্র। শিন্ডে প্রশাসনকে ঔরঙ্গজেবের আমলের সঙ্গে তুলনায় রাউত। সরব এনসিপিও
পুণ্যার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সরব হলেন বিরোধীরা। ঘটনাটিকে ঔরঙ্গজেবের শাসনের সঙ্গে তুলনা করেছেন শিবসেনার উদ্ধবপন্থী শাখার নেতা সঞ্জয় রাউত। সমালোচনা করেছে এনসিপি। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে মন্দিরে ঢুকতে গিয়ে যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তাঁর এব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।
তীর্থযাত্রীদের ওপর পুলিশি নিপীড়ন নিয়ে টুইট বার্তায় অভিযোগ করেন উদ্ধবসেনার সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, এ ঘটনার পর ঔরঙ্গজেবের শাসনের সঙ্গে বর্তমান শিন্ডে সরকারের আচরণে কোনও তফাৎ নেই। নিন্দা জানিয়েছে এনসিপি। দলীয় নেতা ছগন ভুজবল জানিয়েছেন যে, ভুক্তভোগী পূণ্যার্থীরা বিঠল দেবতার উপাসক ওয়াখারি সম্প্রদায়ের। এনাদের প্রতি মহারাষ্ট্র সরকারের আদৌও কোনও দায়বদ্ধতা আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
রবিবার মহারাষ্ট্রের পুনে থেকে ২২ কিমি দূরে আলান্দি শহরে ধ্যানেশ্বর মহারাজ সমাধি মন্দিরে ৪০০ জন পূণ্যার্থীর সমাগম ঘটে। সেখান থেকে তাঁরা পান্ধেরপুরে একটি মন্দিরে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। সেখানে পৌছানোর পর মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদের জানানো হয়, ৭৫ জনের বেশি কেউ এ মন্দিরে প্রবেশ করতে পারবে না। এ নির্দেশকে অমান্য করে কয়েকজন তরুণ পুণ্যার্থী। জোর করে মন্দিরে ঢুকে পড়তে চাইলে পুলিশের সঙ্গে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেসময় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে লাঠি চালান নিরাপত্তারক্ষীরা।
বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানালেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গত বছর এ মন্দিরে ব্যাপক জনসমাগমের ফলে প্রচুর মানুষ পদপিষ্ট হয়ে মারা যান। সে ঘটনার পুনরাবৃত্তি আটকাতে এবার তাঁরা বাড়তি সতর্কতা গ্রহণ করেছিলেন। জেলার প্রধান বিচারক, অন্যান্য আধিকারিক ও বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলে পুণ্যার্থীদের প্রবেশ সীমিত করা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে, লাঠিচার্জের ঘটনা তিনি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, শুধুমাত্র ধস্তাধস্তির ঘটনাই ঘটেছে। তবে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। সাংবাদিকদের তিনি অনুরোধ করেছেন, কোনো ভুল খবর পরিবেশন করে যেন বিষইয়টিকে আরো জটিল করে তোলা না হয়। মানুষের অনুভূতি নিয়ে ছেলেখেলা করা কাম্য নয়।
❤ Support Us





