- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ১১, ২০২৫
প্যারিসে এআই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসা করেও সতর্কবার্তা প্রধানমন্ত্রী মোদির
প্যারিস অ্যাকশন এআই সামিট: অনুষ্ঠানে সহ-সভাপতি হিসাবে যোগদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি, অর্থনীতি, নিরাপত্তা থেকে শুরু করে সমাজ – সবক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাবের ঢালাও প্রশংসা করে তিনি বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেই আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। এই শতাব্দীতে মানবতার কোড হচ্ছে এআই।’ তবে একই সঙ্গে নানা বিষয়ে সতর্কও করেছেন প্রযুক্তিবিদ ও রাষ্ট্র প্রতিনিধিদের।
এই সম্মেলনে সহ-সভাপতি পদে আমন্ত্রণ জানানোর জন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়াল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমরা যুগের ঊষার দিকে রয়েছি যা মানবতার গতিপথকে রূপ দেবে। এই শতাব্দীতে মানবতার কোড হচ্ছে এআই। কিন্তু মানবতার ইতিহাসে প্রযুক্তিগত যা যা মাইলস্টোন তৈরি হয়েছে এটি তার থেকে আলাদা। অবিশ্বাস্য গতিতে এর উন্নতি হচ্ছে। আগের চেয়ে অনেক দ্রুতগতিতে গ্রহণ করা হচ্ছে এবং কাজে লাগানো হচ্ছে।’ তবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর দেখভাল ও লাগামের জন্য সব দেশের হাত মেলানোর পক্ষে সওয়াল করেন তিনি। এই ক্ষেত্রে স্বচ্ছতা বজার রাখার ক্ষেত্রেও সওয়াল করেছেন। একই সঙ্গে সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদি বিশেষ ভাবে উল্লেখ করেছেন যে ভারত খুব কম খরচে ১.৪ বিলিয়নেরও বেশি ডিজিটাল পাবলিক অবকাঠামো তৈরি করেছে। তিনি বলেছেন, “ভারত অত্যন্ত কম খরচে ১.৪ বিলিয়ন লোকের জন্য সফলভাবে একটি ডিজিটাল পাবলিক অবকাঠামো তৈরি করেছে। এটি একটি উন্মুক্ত এবং অ্যাক্সেসযোগ্য নেটওয়ার্কের চারপাশে তৈরি করা হয়েছে। আমাদের অর্থনীতির আধুনিকীকরণ, শাসন ব্যবস্থার সংস্কার এবং আমাদের জনগণের জীবন পরিবর্তন করার জন্য এটির গুরুত্ব অপরিসীম। আজ, ভারত এআই গ্রহণ এবং প্রযুক্তিগত-আইনগত সমাধানে অনেক বেশি এগিয়ে রয়েছে। ডেটার গোপনীয়তার জন্য প্রযুক্তিগত-আইনি সমাধান প্রসঙ্গ উত্থাপন করেছেন।
বিশ্বের অন্যান্য উন্নত দেশ যেমন যুক্তরাষ্ট্র ও চিন ইতিমধ্যেই নিজেদের বৃহৎ ভাষা মডেল তৈরি করেছে। চ্যাটজিপিটি, গেমিনি, পারপ্লেক্সিটির মতো এআই মডেল যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে, অন্যদিকে চিনেও ডিপসিকের মতো প্রযুক্তি চালু হয়েছে। তবে ভারত এখনও পর্যন্ত নিজস্ব কোনও এলএলএম চালু করেনি। এ বিষয়ে মোদি বলেন যে, ভারত তার বৈচিত্র্য বিবেচনা করে তার নিজস্ব বৃহৎ ভাষার মডেল তৈরি করছে, “কম্পিউটিং শক্তির মতো সংস্থান সংগ্রহের জন্য আমাদের একটি অনন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলও রয়েছে। এটি আমাদের স্টার্টআপ এবং গবেষকদের জন্য সাশ্রয়ী মূল্যে উপলব্ধ করা হয়েছে। এআই ভবিষ্যত ভাল এবং সবার জন্য হয় তা নিশ্চিত করতে ভারত তার অভিজ্ঞতা এবং দক্ষতা বিনিময় করতে প্রস্তুত। আমাদের সেই দায়িত্ববোধ অবশ্যই বিশ্বকে নতুন পথ দেখাবে।”
তিনি ‘ওপেন সোর্স সিস্টেম’ -এর বিকাশের সময় প্রযুক্তির গণতন্ত্রীকরণ এবং বিশ্বাস ও স্বচ্ছতার বোধ তৈরি করার বিষয়ে বলেন, “আমাদের অবশ্যই ওপেন সোর্স সিস্টেমগুলি বিকাশ করতে হবে যা বিশ্বাস এবং স্বচ্ছতা দুইই বাড়াবে। আমাদের অবশ্যই পক্ষপাতমুক্ত মানসম্পন্ন তথ্যভাণ্ডার তৈরি করতে হবে, প্রযুক্তিকে গণতান্ত্রিক নিয়মে জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে, সাইবার নিরাপত্তা, নিত্যদিনের বিভ্রান্তি থেকে মুক্ত করতে হবে বিশ্বের মানুষকে। স্থানীয় প্রযুক্তিতে এটিকে কার্যকরী করতে হবে। তবে এআই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক প্রসঙ্গে তিনি বলেন, এর ফলে বহু নাগরিকরা নিজেদের চাকরি হারাতে পারেন। কিন্তু ইতিহাস সাক্ষী প্রযুক্তির কারণে সাময়িক ব্যাঘাত ঘটলেও, তা দীর্ঘস্থায়ী হয় না। কেবলমাত্র কাজের চরিত্র বদলে যায়।
প্রযুক্তির দ্রুত বিকাশে এবং ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত বিশ্বব্যাপী প্রচেষ্টার প্রয়োজনীয়তার পরামর্শ দিয়েছেন তিনি, “এ আই একটি অভূতপূর্ব মাত্রায় এবং গতিতে বিকাশ করছে এবং আরও দ্রুত খাপ খাইয়ে নেওয়া হচ্ছে। একটি গভীর আন্তঃনির্ভরশীলতা রয়েছে। তাই, এটিকে বৈশ্বিক ভালোর জন্য স্থাপন করার বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তাভাবনা এবং খোলামেলা ভাবে আলোচনা করতে হবে। মানুষের কাছে এর ভালো-খারাপ দুই দিকই তুলে ধরে, তাঁদের সচেতন করতে হবে।
উন্নত প্রযুক্তি সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে তিনি বলেন, আমাদের কাজ হলো সবার কাছে প্রযুক্তি সহজলভ্য করে তোলা, বিশেষ করে উন্নয়নশীল, কম উন্নত বা অনুন্নত দেশগুলিতে। সেখানে এআই স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং আরও অনেক কিছুর উন্নতির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করতে পারে। এই লক্ষ্যে আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে, কোনোভাবেই যেন পক্ষপাতের বেড়াজালে আটকে না যাই আমরা।’ নতুন সূচনাকালে আর ভবিষ্যতের প্রস্ততির জন্য দক্ষতা এবং পুনঃদক্ষতা নির্মাণে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর আগেই জানিয়েছিলেন, ভারত শীঘ্রই নিজস্ব এআই মডেল তৈরি করবে। এই লক্ষ্যে ভারত ১৮,০০০ জিপিইউ সম্বলিত একটি শক্তিশালী আই কম্পিউটিং পরিকাঠামো গড়ে তুলছে। এই অবকাঠামো স্টার্টআপ এবং শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে, যাতে তারা এআই প্রযুক্তির বিকাশে আরও অবদান রাখতে পারে।এছাড়া, এবারের কেন্দ্রীয় বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ৫০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এই বাজেট এআই গবেষণা, উন্নয়ন এবং স্টার্টআপ ইকোসিস্টেমের প্রসারে ব্যয় করা হবে।
❤ Support Us








