Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২১, ২০২৫

নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর

গোয়ার উপকূলে নৌসেনাদের সঙ্গে আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোর উৎসবে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন তিনি। প্রতি বছরই মোদি সেনাদের সঙ্গে দীপাবলি পালন করেন, তবে এ বার প্রথমবার তিনি সরাসরি যুদ্ধজাহাজে দীপাবলি কাটাচ্ছেন।

বিক্রান্ত — এক ঐতিহাসিক উত্তরাধিকার

১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল পুরনো আইএনএস বিক্রান্ত। সেই ঐতিহ্য এবং গৌরবকে সম্মান জানাতেই নতুন যুদ্ধজাহাজের নাম রাখা হয়েছে বিক্রান্ত।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই রণতরী ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ভারতীয় নৌবাহিনীতে। এটি ভারতীয় প্রতিরক্ষা সক্ষমতার এক গুরুত্বপূর্ণ প্রতীক। আইএনএস বিক্রান্ত থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর বক্তব্য, “এই রণতরীর নামটাই পাকিস্তানের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।”

আইএনএস বিক্রান্তকে অনেকেই ‘সমুদ্রে ভাসমান নগরী’ বলেন। ২৬২ মিটার লম্বা ও ৬২ মিটার চওড়া এই যুদ্ধজাহাজ দু’টি ফুটবল মাঠের সমান। উচ্চতায় প্রায় ১৮ তলা বাড়ির সমান এই রণতরীতে রয়েছে ২,৪০০ কেবিন, একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, এমনকি দৈনন্দিন জীবনের প্রায় সব সুবিধা।

এই যুদ্ধজাহাজে একসঙ্গে ৩০টি বিমান রাখা সম্ভব। এর হ্যাঙ্গার স্পেস দু’টি অলিম্পিক মাপের সুইমিং পুলের সমান। আইএনএস বিক্রান্তে একসঙ্গে ১,৬০০ নাবিকের থাকার ব্যবস্থা রয়েছে। ২৫০ ট্যাঙ্কার জ্বালানি ধারণক্ষমতা বিশিষ্ট এই রণতরী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত।

গত বছর চূড়ান্ত পরীক্ষা শেষে সাউদার্ন ন্যাভাল কম্যান্ড থেকে আইএনএস বিক্রান্তকে সম্পূর্ণ কার্যক্ষম হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের অধীনে, ভারত মহাসাগরে যে কোনও জটিল নৌ অভিযানের জন্য সদা প্রস্তুত।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!