- এই মুহূর্তে দে । শ
- মার্চ ৯, ২০২৪
কাজিরাঙা জাতীয় উদ্যানে হাতি সাফারি মোদির, আসাম–অরুণাচলে একগুচ্ছ ভোটমুখী প্রকল্পের উদ্বোধন
সামনেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনকে সামনে নিয়েই গোটা দেশ চষে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনে চার–চারটি রাজ্যে সফর। অতীতে প্রধানমন্ত্রীর এই রকম ঠাসা কর্মসূচী কখনও ছিল না। নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে শুক্রবার সন্ধেয় আসামে পৌঁছে যান নরেন্দ্র মোদি। আজ সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে অরুণাচল প্রদেশ হয়ে তাঁর গন্তব্যস্থল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। আর শেষ হবে উত্তরপ্রদেশে।
শনিবার সাত সকালেই আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানে পৌঁছে যান। সেখানে টাইগার রিজার্ভ ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরিদর্শন করেন। জাতীয় উদ্যান ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরিদর্শন করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে লখিমাই, প্রদ্যুম্ন এবং ফুলমাই, এই তিন হাতিকে আখ খাওয়ান। এরপর হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করেন প্রধানমন্ত্রী। মধ্য কোহরা রেঞ্জ ঘুরে দেখেন। গভীর অরন্যে জিপ সাফারিও করেন। এরপর জোরহাটে এক অনুষ্ঠানে সাড়ে ১৭ হাজার কোটিরও বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া জোরহাটের হুলোঙ্গাপারের লাচিত ময়দানে লাচিত বারফুকানের মূর্তি উদ্বোধন করেন।
জোরহাট থেকে অরুণাচল প্রদেশের ইটানগরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। ইটানগরে সেলা টানেলের উদ্বোধন করেন এবং ৫৫ হাজার কোটি টাকার নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, ‘আমি ২০১৯ সালে এখানে সেলা টানেলের ভিত্তি স্থাপন করেছিলাম এবং আজ এটার উদ্বোধন করলাম। আমাদের লক্ষ্য হল উত্তর–পূর্ব ভারতের উন্নয়নের জন্য অষ্ট লক্ষ্মী। আমাদের উত্তর–পূর্ব ভারত দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য ও পর্যটনের জন্য একটি শক্তিশালী যোগসূত্র হয়ে উঠছে।’ কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘উত্তর–পূর্ব ভারতের উন্নয়নের জন্য যে বিনিয়োগ করা হয়েছে, কংগ্রেস সরকারের থেকে চারগুণ বেশি। এর অর্থ, আমরা যে কাজ করেছি, কগ্রেসের তা করতে ২০ বছর লেগে যেত। কংগ্রেস সীমান্ত গ্রামগুলিকে অবহেলা করেছিল।’
❤ Support Us







