- প্রচ্ছদ রচনা
- অক্টোবর ২৮, ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
একদিন আগেই অপরাধ দমনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সঙ্গে পরামর্শ করে এগিয়ে চলার কথা বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এক দেশ, এক পুলিশ উর্দির কথা বললেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে হরিয়ানার সুরজকুণ্ডে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে শুক্রবার আয়োজিত বৈঠক ‘চিন্তন শিবির’–এ একথা বলেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী তাঁর ভিডিও বক্তৃতায় বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্যের দায়িত্ব। কিন্তু দেশের সুরক্ষার সঙ্গে তার যোগ রয়েছে। বিষয়টি এখন একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ অপরাধ আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক হয়ে উঠছে। কাজেই রাজ্য সরকারগুলিকেও সতর্ক হয়েই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে।’ দেশের সব রাজ্যের পুলিশবাহিনীর জন্য একরকমের উর্দির কথাও বলেছেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে এক দেশ, এক পুলিশ উর্দি নিয়ে আলোচনা করা উচিত।’ সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসের কথা উল্লেখ করে, মোদি রাজ্য এবং কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির সমন্বয়ের ওপরেও জোর দিয়েছেন।
সাইবার ক্রাইম নিয়ে বিশেষভাবে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ জি পরিষেবা গোটা দেশে চালু হয়ে যাবে কয়েক দিনের মধ্যে। তাতে একদিকে যেমন অনেক সুযোগ সুবিধা বাড়বে তেমনই অনেক সমস্যাও দেখা দেবে বলে জানিয়েছেন তিনি। সাইবার ক্রাইমের সম্ভাবনা আরও প্রকট। সাইবার ক্রাইম রোধ করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি। সাইবার ক্রাইম রোধ আরও সতর্ক হতে সবে সব রাজ্যগুলিকে। তার জন্য সব রাজ্যগুলিকে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
হরিয়ানায় এই চিন্তন শিবিরে যোগ দিয়েছিলেন প্রায় সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরা। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘চিন্তন শিবিরে’যোগ দেননি। তাঁর পরিবর্তে সেই বৈঠকে যোগ দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, সিআরপিএফের অফিসাররাও অংশ নিয়েছিলেন।
❤ Support Us








