- দে । শ
- এপ্রিল ১২, ২০২৩
মোদির অসম সফরকে ঘিরে সেজে উঠছে গুয়াহাটি, ১৪ হাজার ৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, গুয়াহাটিতে চালু হচ্ছে এইমস-ও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন অসম সফরকে কেন্দ্র করে সেজে উঠেছে গুয়াহাটি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোদির অসম সফরসূচি সম্পর্কে বিশদে জানালেন। ঠাসা অনুষ্ঠান প্রধানমন্ত্রীর। মেগা বিহু উৎসবে মোদির যোগ দেওয়ার কথা। গুয়াহাটিতে আয়োজিত হবে এই অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এবছর বিহু ঘটা করে পালিত হবে রাজ্য সরকারের উদ্যোগে। ১১ হাজারের বেশি ছেলেমেয়ে বিহুতে অংশ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই অনুষ্ঠানে উপস্থিতি অসমের মানুষের উজ্জীবিত করবে। অসমবাসী এখন তারই অপেক্ষায় আছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসম সফরে এসে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন, যা অসমের উন্নয়নের পক্ষে আশাজনক।
আগামী শুক্রবার মোদি অসমে এসে রাজ্যে উন্নয়নের ঢালাও কর্মসূচি ঘোষণা করতে চলেছেন বলে জানা গিয়েছে। সর্বমোট ১৪ হাজার ৩০০ কোটির একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি উদ্বোধনও করবেন কয়েকটি প্রকল্পের। দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিকে মোদি সরকার বিশেষ সুনজরে দেখছে বলে বিরোধীরা যে অভিযোগ করছেন, তাতে থোড়াই কেয়ার মোদির। বিজেপিশাসিত অসমে সেই পথেই হাঁটছেন মোদি।
অসমের মানুষকে উন্নততর স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুয়াহাটিতে চালু হচ্ছে এইমস। বিজেপি তথা রাজ্য সরকারের দাবি, এর ফলে উপকৃত হবেন গোটা উত্তর-পূর্বের মানুষ। এইমসের নতুন নির্মিত ক্যাম্পাস পরিদর্শন করবেন মোদি।
বিজেপির দাবি, প্রধানমন্ত্রী গোটা দেশের স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে যে কর্মসূচি নিয়েছেন গুয়াহাটিতে এইমস চালু হওয়া এরই নজির। ২০১৭ সালে মোদি এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গুয়াহাটি এইমসের ভিত্তিপ্রস্তরও স্থাপিত হয়েছিল মোদির হাতে ২০১৭ সালে। এখানে মোট শয্যাসংখ্যা ৭৫০টি।
সফরে্ মোদির যে কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম অসম অ্যাডভান্সড হেলথ কেয়ার ইনোভেশন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন, এছাড়া মোদি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড বিলির সূচনা করবেন। অসমে এই যোজনায় এক কোটিরও বেশি কার্ড বিলি করা হচ্ছে। গুয়াহাটি হাইকোর্টের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানেও যোগ দেবেন মোদি। এছাড়া ১৪ এপ্রিল বিকেল পাঁচটায় গুয়াহাটিতে জনসভা করবেন মোদি।
❤ Support Us





