- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৫, ২০২৩
কালিয়াগঞ্জে রাজবংশীদের বিক্ষোভ ঘিরে ফের অশান্তি, জ্বলল থানা, গাড়িতে আগুন
কালিয়াগঞ্জে এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল কিছুদিন আগে।সেই ঘটনাকে ঘিরে বেশ কিছুদিন ধরেই কালিয়াগঞ্জে শাসক-বিরোধী রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল। নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একাধিক বার অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জের পরিস্থিতি। মঙ্গলবার ফের তেমনই পরিস্থিতি তৈরি হল। আর তার জেরে পরিস্থিতি এতোটাই অশান্ত হল যে থানায় আগুল লাগিয়ে দিল বিক্ষুব্ধরা।
থানা সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করল পুলিশ। ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল। ঘটনার জেরে মুহূর্তে রণক্ষেত্র হয়ে ওঠে ওই এলাকা। সংঘর্ষের জেরে জনা কয়েক পুলিশকর্মী জখম হয়েছেন বলে কালিয়াগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে। পরে পুলিশ কয়েক জনকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করেছে।
মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জে থানা অভিযান কর্মসূচির ডাক দিয়েছিল রাজবংশী তফসিলি আদিবাসী সমন্বয় কমিটি। ওই কর্মসূচি থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করা হয়। ওই কমিটির তরফে বহু মানুষ থানা অভিযান করেন। কর্মসূচির আগাম খবর পেয়ে থানার সামনে তিনটি জায়গায় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। অভিযোগ, সেই ব্যারিকেড ভেঙে দেন আন্দোলনকারীরা। এর পর, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়।
এর পরই মারমুখী হয়ে ওঠেন আন্দোলনকারীরা। তাঁরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয় থানার একটি অংশে। অগ্নিকাণ্ডে পুড়ে যায় থানায় রাখা একাধিক বাইক। এদিকে একই দাবিতে মঙ্গলবার রায়গঞ্জে পুলিশ সুপারের দফতর ঘেরাও অভিযান ছিল বিজেপির। সেই কর্মসূচি ঘিরেও রায়গঞ্জ পুলিশ সুপারের দফতরের সামনে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেন। এই ঘটনায় বহু বিক্ষোভকারী ও পুলিশকর্মী গুরুতর আহত হয়। তবে পুলিশ সূত্রে কোনও মৃত্যুর খবর এই খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
❤ Support Us







