- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৫, ২০২৩
পাওয়ার লিফটিংয়ে নোয়া ও কাশার বিশ্বরেকর্ড
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত পাওয়ার লিফটিংয়ের প্রো লিগ বিশ্বচ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়েছে মুম্বইয়ের নোয়া সারা ইপেন ও কাশা নিয়া সচদেব। ১০–১২ মে বেঙ্গালুরুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। মুম্বইয়ের এই দুই প্রতিযোগী সব বিভাগেই সোনা জিতেছে।
১৩ বছর বয়সী নোয়া ও ১৫ বছর বয়সী কাশা প্রো লিগ বিশ্বচ্যাম্পিয়নশিপে পাঁচটি বিভাগ, স্কোয়াট, বেঞ্চ, ডেডলিফ্ট, পুশ–পুল এবং ফুল পাওয়ারলিফটিংয়ে নিজেদের শক্তি ও দক্ষতা প্রদর্শন করেছে। টিন ১ মহিলাদের ৬০ কেজির নিচে ৫টি বিভাগে সোনা জিতে বিশ্ব রেকর্ড গড়েছে নোয়া। অন্যদিকে, টিন ১ মহিলাদের ৭৫ কেজি নিচে দুটি বিভাগে (স্কোয়াট এবং ফুল পাওয়ারলিফটিং) সোনা জিতে বিশ্ব রেকর্ড করেছে কাশা।
নোয়া ও কাশা ২১–২৫ জুন কিরগিজস্তানে অনুষ্ঠিত বিশ্ব পাওয়ারলিফটিং কংগ্রেসের জন্য ভারতের প্রতিনিধিত্ব করবে। বিশ্ব পাওয়ারলিফটিং কংগ্রেস হল একটা বিশ্বব্যাপী সংগঠন, যা কিশোর–কিশোরীদের রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করার অনুমতি দেয়।
বিশ্বরেকর্ড গড়ার পর নোয়া বলে, ‘ভাবতাম আমি ছোট এবং দুর্বল। কিন্তু পাওয়ারলিফটিং আমাকে নিজের শরীরের ক্ষমতা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। আমি যে পরিমাণ নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করেছি, তাতে আমি আত্মবিশ্বাসী যে সবরকম চ্যালেঞ্জ অতিক্রম করতে পারব।’ অন্যদিকে পাওয়ারলিফটিং সম্পর্কে কাশা বলে, ‘পাওয়ারলিফটিং সম্পর্কে আমার কেমন অনুভূতি, বলে বোঝাতে পারব না। এটা আমার প্রতিদিনের শুরু। আমাকে সবসময় অনু্প্রাণিত করে।’
❤ Support Us








