- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
অদম্য মনের জোড়ে দৃষ্টান্ত গড়ল পূর্বস্থলীর প্রিয়া
হাত থাকলেও অকেজো। জোড়া পায়ে ভর দিতে গেলে থরথর করে কাঁপে। তবু নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে পূর্বস্থলীর কালেখাঁতলা ২নং পঞ্চায়েতের বৈদ্যপুরের বাসিন্দা জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম প্রিয়া দেবনাথ।
স্বপ্নপূরণের প্রথম ধাপ হিসেবে একদিকে শারীরিক প্রতিবন্ধকতা আর অন্যদিকে পারিবারিক অভাবের বাধা ঠেলে ‘জীবনের প্রথম বড় পরীক্ষা’ মাধ্যমিক দিচ্ছে শ্যামবাটি রাধাকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রী প্রিয়া। মায়ের কোলে চেপেই পূর্বস্থলীর বিশ্বরম্ভা বিদ্যাপীঠে পরীক্ষা দিতে আসে ‘কন্যারত্ন’ প্রিয়া। জন্মের পর থেকেই তার বাঁ হাত, আর দু’টি পা ঠিকমত কাজ করে না। ডান হাতে কলম ধরলেও ঠিকমত লিখতে পারে না। লেখা বেঁকেচুরে গিয়ে বোধগম্য হয় না। বাধ্য হয়েই পর্ষদের অনুমতি নিয়ে রাইটারকে সঙ্গী করে পরীক্ষায় বসছে প্রিয়া। প্রিয়ার এই ‘লড়াই’কে কুর্নিশ ঠুকছে তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও বন্ধুরা। প্রিয়া জানাল, ‘পরীক্ষা ভাল হচ্ছে।’
প্রিয়ার বাবা উত্তম দেবনাথ দিনমজুর। মা তাপসী গৃহবধূ। সংসারের হাল নুন আনতে পান্তা ফুরনোর। প্রিয়ার চিকিৎসা-সহ ২ মেয়ে আর ১ ছেলেকে নিয়ে ৫ সদস্যের সংসারের জোয়াল টানতে হিমশিম খেতে হচ্ছে উত্তমকে। তিনি জানান, ‘মেয়েকে সামান্য হাঁটতে গেলেই হাঁফিয়ে ওঠে। ঘেমেনেয়ে একশা হয়। লিখতেও পারে না। আর্থিক সামর্থ্য না থাকায় ওর ফিজিওথেরাপি বা ঠিকঠাক চিকিৎসা করাতে পারছি না।’ প্রিয়ার স্কুলের প্রধানশিক্ষক শুভঙ্কর কর বলেন, ‘প্রিয়ার ছোট থেকেই পড়াশোনায় অতীব আগ্রহ। শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে প্রিয়া যেভাবে লেখাপড়া চালাচ্ছে, সেটা দৃষ্টান্ত।’
❤ Support Us






