Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৯, ২০২৩

কুস্তিগীরদের ধর্নামঞ্চে প্রিয়াঙ্কা। যাবেন কেজরিওয়াল,সীতারাম ইয়েচুরি

আরম্ভ ওয়েব ডেস্ক
কুস্তিগীরদের ধর্নামঞ্চে প্রিয়াঙ্কা। যাবেন কেজরিওয়াল,সীতারাম ইয়েচুরি

কিছুদিন আগেই যন্তরমন্তরে প্রতিবাদ সভায় রাজনৈতিক নেতাদের পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়েছিলেন কুস্তিগীররা। সেই আবেদনে সারা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন। এবার কুস্তিগীরদের ধর্নামঞ্চে সামিল হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আজ সকালে প্রতিবাদী কুস্তিগীর সঙ্গে দেখা করেছেন। কুস্তিগীরদের দাবিকে সমর্থনও জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি তীব্র ভাষায় মোদি সরকারকে আক্রমণ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও কুস্তিগীরদের সঙ্গে দেখা করবেন।

আজ সাত সকালেই যন্তরমন্তরে হাজির হন প্রিয়াঙ্কা গান্ধী। ধর্নাস্থলে তিনি সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। পরে সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন, ‘‌প্রধানমন্ত্রীর ওপর আমার কোনও প্রত্যাশা নেই। তিনি এই কুস্তিগীরদের নিয়ে একেবারেই চিন্তিত নন। যদি চিন্তিত হতেন, তাহলে তিনি তাদের সঙ্গে দেখা করতেন কিংবা কথা বলতেন। অথচ যখন এরাই পদক জিতে দেশে ফিরেছিল, তখন তাদের সঙ্গে দেখা করেছিলেন। সরকার চাইছে ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচাতে।  যদি দিল্লি পুলিশ এফআইআর ফাইল করে থাকে, তাহলে অবশ্যই সেই এফআইআরের কপি কুস্তিগীরদের দেওয়া উচিত।’‌
দিল্লি পুলিশ জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে শুক্রবার দুটি এফআইআর দায়ের করেছেন। একটা নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ, যা পসকো আইনের অধীন। দুটি অভিযোগই জামিন অযোগ্য। কিন্তু দিল্লি পুলিশ এখনও গ্রেপ্তার করেনি ব্রিজ ভূষণ শরণ সিংকে। তাঁর গ্রেপ্তারের দাবিতেই ধর্না চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা।

শুধু প্রিয়াঙ্কা গান্ধী নন, ভূপিন্দর সিং হুদা, দীপেন্দর হুডা, উদিত রাজের মতো কংগ্রেস নেতারাও চলতি সপ্তাহের শুরুতে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছিলেন। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি প্রতিবাদীদের সঙ্গে দেখা করে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দারও যন্তরমন্তরে প্রতিবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে কুস্তিগীরদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও কুস্তিগীরদের সঙ্গে দেখা করবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!