- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মণিপুরে রাষ্ট্রপতির শাসন ঘিরে দ্বিখণ্ডিত জনমত। প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মেইতিদের। রাষ্ট্রপতি শাসনেই আস্থা কুকি বিধায়কদের
জাতিগত সহিংসার জেরে গত দুবছরের বেশি সময় ধরে বিধ্বস্ত মণিপুর। নিজের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছিল। বিরোধী দল কংগ্রেসও অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছিল। এরকম অবস্থায়, অমিত শাহের নির্দেশে গত ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর জারি রাজ্যে হয়েছে রাষ্ট্রপতি শাসন। এরপরই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের দাবিতে চলছে লাগাতার বিক্ষোভ। পরিস্থিতি মোকাবিলা করতে বিপুল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। খবরে উঠে আসছে, মেইতি সম্প্রদায় প্রধান উপত্যকা এলাকায় নাগরিক সমাজের সংগঠনগুলির পক্ষ থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারও পুনরায় সরকার গঠনের দাবিতে একাধিক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে জনপ্রতিনিধি সরকার পুনঃপ্রতিষ্ঠা করবার আহ্বান জানিয়েছেন তাঁরা। সংগঠনগুলির পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘মণিপুরের জনগণের স্বার্থে, তাঁদের দাবির প্রতি গুরুত্ব দিতে হবে এবং রাজ্যকে বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি দিতে হবে।’
কুকি-জো সম্প্রদায়ের বিধায়কদের অবশ্য কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি আস্তা রাখতে দেখা যাচ্ছে। তাঁরা মনে করছেন এর ফলে হিংসা কবলিত রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। উন্নয়নের সংকল্পে তৈরি হবে রাজনীতির রূপরেখা। উপজাতি গোষ্টির ১০ জন বিধায়কের মধ্যে ৭ জন বিজেপির সদস্য। জনপ্রতিনিধিরা রাজ্যে সংঘাত-আক্রান্ত এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ লাঘব করবার জন্য কেন্দ্রকে নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। প্রকাশিত বিবৃতিতে সাইতুর বিধায়ক হাওখোলেট কিপগেন, টেংনোপোলের বিধায়ক লেটপাও হাওকিপ, কাংপোকপির বিধায়ক নেমচা কিপগেন সহ মোট দশজন বিধায়ক স্বাক্ষর করেছেন। রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও গৃহমন্ত্রককে সম্বোধন করে একটি চিঠি পাঠিয়েছে কাউন্সিল। কেন্দ্রশাসিত মণিপুরের জন্য পৃথক প্রশাসন ও আইনসভার দাবি করা হয়েছে। ওই রাজ্যের চুরাচাঁদপুর, লামকা, কাংপোকপি, ফেরজাওল, জিরিবাম, মোরেহ, চান্দেলের পাশাপাশি দিল্লি এনসিআর অঞ্চলে একইসাথে সমাবেশ হবে। অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা।
রবিবার ইম্ফল পূর্বের থামবুটগং ব্রাহমপুর এলাকায় বিভিন্ন মহিলা সংগঠনগুলি বিক্ষোভে সামিল হয়। জমায়েত থেকে দ্রুত একটি জনপ্রতিনিধি সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে স্লোগান ওঠে। বিক্ষোভে সামিল মহিলা স্বেচ্ছাসেবক বিএম রোজি জানিয়েছেন, রাজ্যে রাজনৈতিক অস্থিরতা ও অভিঘাতের কারণে সাধারণ মানুষকে দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। মেইতি সংগঠনগুলি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার রাস্তায় থাকবে বলে দাবি করেছেন তিনি। তাঁদের দাবি, অবিলম্বে রাষ্ট্রপতি শাসনের প্রত্যাহার ঘটিয়ে, নতুন নির্বাচনের মাধ্যমে পুনরায় সরকার গঠন করতে হবে। জনপ্রতিনিধির সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র রাজ্যের শান্তি ফিরে আসবে, রাজনৈতিক অভিঘাত বন্ধ হবে। তাঁরা আশা করছেন, রাজ্যের আদিবাসী এবং অ-আদিবাসী জনগণের মধ্যে সমঝোতা এবং সহযোগিতার মাধ্যমে এক নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠন করা হবে।
মণিপুরের পরিস্থিতি ক্রমশই ঘোরালো হয়ে উঠছে, রাজ্যে ও রাজধানীতে ‘পাহাড় ও উপত্যকার দেশে’ রাষ্ট্রপতি শাসন লাগু করবার বিষয়ে চলছে আলোচনা, সমালোচনা। বিরোধীরা এই ইস্যুতে বিদ্ধ করতে চাইছে মোদি সরকারকে, অন্যদিকে মণিপুরেও কেন্দ্রশাসনের পক্ষে সমর্থন ও এটির বিরুদ্ধে বিক্ষোভের খবর উঠে আসছে। নতুন করে আবার যাতে অশান্ত না হয়ে ওঠে এ রাজ্য, সে বিষয়ে কেন্দ্র সরকারের রয়েছে কঠোর নজরদারি। আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার ও জঙ্গিনেতাদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে ।
❤ Support Us






