Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১০, ২০২৩

পাঞ্জাব পুলিশের হেফাজতে পরামর্শদাতা পাপালপ্রীত, এখনো নিরুদ্দেশ অমৃতপাল

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঞ্জাব পুলিশের হেফাজতে পরামর্শদাতা পাপালপ্রীত, এখনো নিরুদ্দেশ অমৃতপাল

খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের এখনও পর্যন্ত কোনও হদিশ না মিললেও তার ঘনিষ্ঠ সহযোগী তথা পরামর্শদাতা পাপালপ্রীত সিংকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্জাব পুলিশের আইজিপি সুখচৈন সিং গিল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সোমবার খলি্স্তানি নেতা পাপালপ্রীতকে হোশিয়ারপুর থেকে গ্রেফতার করা হয়েছে। ন্যাশনাল সিকিওরিটি অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে তাকে। এছাড়াও অন্য ৬টি অপরাধমূলক মামলা রয়েছে পাপালপ্রীতের বিরুদ্ধে।

এদিন পঞ্জাব পুলিশের প্রধান গৌরব যাদব বলেছেন, পঞ্জাবে যে শান্তির পরিবেশ অর্জিত হয়েছে, তা কোনওভাবে নষ্ট করা যাবে না। বিদেশি রাষ্ট্র বিশেষত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে পঞ্জাবের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস চলছে। তিনি এও বলেন, পঞ্জাব এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই আছে।

পুলিশ সূত্রের খবর, খলিস্তানি নেতা অমৃতপালের পরামর্শদাতা পাপালপ্রীত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলত।

পঞ্জাবজুড়ে ব্যাপক পুলিশি অভিযান শুরু হওয়ার পর থেকে পাপালপ্রীত এবং অমৃতপাল দুজনেই পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ সূত্রের খবর, কিছুদিন আগেই পাপালপ্রীত সিং ও অমৃতপাল সিং দুজনে পুলিশের তাড়ায় জলন্ধর থেকে নাটকীয়ভাবে পালায়। ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ। এরপর ওরা দুজনে প্রথমে হরিয়ানায় ও পরে সম্ভবত দিল্লিতে গা-ঢাকা দিয়েছিল।

পুলিশ সূত্রের খবর, অমৃতপাল ও পাপালপ্রীত জলন্ধর থেকে নাটকীয়ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর সময়ে নিজের চেহারা, পোশাক-পরিচ্ছদও বদলেছে। পাল্টেছে গাড়িও।

অমৃতপাল সিং এখনও পলাতক হলেও তার পরামর্শদাতা পাপালপ্রীত সিংকে গ্রেফতার করা সম্ভব হল গোয়েন্দা সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে।

এদিন পাপালপ্রীতকে গ্রেফতারের পরে পঞ্জাব পুলিশের আইজিপি সুখচৈন সিং গিল বলেছেন, ওর বিরুদ্ধে আইনসঙ্গতভাবেই ব্যবস্থা নেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!