Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৭, ২০২৩

খলিস্তানি নেতা অমৃতপালের আত্মসমর্পণের খবর ? ঝুঁকি এড়াতে পুলিশকর্মীদের ছুটি বাতিল

আরম্ভ ওয়েব ডেস্ক
খলিস্তানি নেতা অমৃতপালের আত্মসমর্পণের খবর ? ঝুঁকি এড়াতে পুলিশকর্মীদের ছুটি বাতিল

খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অমৃতপাল এখন কোথায় গা-ঢাকা দিয়ে আছে, সেব্যাপারে জল্পনা চলেছে। নিশ্চিতভাবে জানা যায়নি অমৃতপাল কোথায় রয়েছে। এই পরিস্থিতিতে পঞ্জাবের পুলিশ কর্মীদের সমস্ত ছুটি ১৪ এপ্রিল নতুন বর্ষবরণের দিন পর্যন্ত বাতিল করা হল। পঞ্জাবে বর্ষবরণের অনুষ্ঠান ‘বৈশাখী’ হিসেবে পরিচিত। পঞ্জাবজুড়ে এখন ‘বৈশাখী’কে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে।

খলিস্তানি নেতা অমৃতপাল ‘শ্রী অকাল তখত সাহিব’কে আর্জি জানিয়েছে, শিখদের দাবিদাওয়াগুলি নিয়ে ‘সরবত খালসা’ নামে অনুষ্ঠান আয়োজনের জন্যে। এব্যাপারে অকাল তখত এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে অকাল তখত জিতেন্দ্র জ্ঞানী হরপ্রীত সিং ‘তখত দমদমা সাহিব’-এ তিনদিনের ধর্মসভার ডাক দিয়েছেন। অকাল তখতের তরফে এও জানানো হয়েছে, বর্ষবরণ উপলক্ষেই তিনদিনব্যাপী এই ধর্মসভা আয়োজিত হবে। অমৃতপাল যে ‘সরবত খালসা’ আয়োজনের দাবি জানিয়েছে, তার সঙ্গে এই ধর্মসভার কোনও সম্পর্ক নেই বলেও জানা গিয়েছে।

‘বৈশাখী’র আগে অমৃতপাল স্বর্ণমন্দিরে এসে আত্মসমর্পণ করবে কিনা তা নিয়েও জল্পনা চলছে। গত ১৮ মার্চ থেকে পুলিশ অমৃতপালের খোঁজে জোরদার অভিযানে নেমেছে। পঞ্জাব পুলিশের কাছে খলিস্তানি নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণ করেছে, এই জল্পনায় জল ঢেলে পঞ্জাব পুলিশ জানিয়েছে, অমৃতপাল এখনও অধরাই রয়েছে। যদিও অমৃতপালের বিরুদ্ধে অভিযানে নেমে এপর্যন্ত বহু শিখ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পঞ্জাব পুলিশ কোনও ঝুঁকি নিতে নারাজ। এই পরিস্থিতিতে জনবহুল স্থানগুলিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপন ডেরা থেকে অমৃতপালের বক্তব্যের তিনটি ভিডিয়ো ক্লিপ এবং একটি অডিও ক্লিপ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তবে অমৃতপাল কোথায় লুকিয়ে আছে, সেব্যাপারে পুলিশ এখনও নির্দিষ্টভাবে কিছুই জানতে পারেনি।

পুলিশকর্তাদের অনুমান, অমৃতপাল পুলিশি অভিযানের জেরে হরিয়ানায় গা-ঢাকা দিয়েছিল। এরপর দিল্লিতে যায়। গত সপ্তাহে ফের অমৃতপাল পঞ্জাবে ফিরে এসেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এদিন খলিস্তানি নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণ করবে বলে যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভুয়ো খবর বলে জানিয়ে পঞ্জাব পুলিশ জানিয়েছে, এই ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় যেন শেয়ার না করা হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!