- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৪, ২০২৫
আবাসে কাটমানি চেয়ে অডিও বার্তা ভাইরাল। প্রতারণা রুখতে তৎপর প্রশাসন, অভিযোগ জানাতে চালু কিউআর কোড
‘এক কুড়ি পাবি। ধরে রেখে দিবি। বাকিটা আমরা বুঝে নেব। পরে তোকে আমরা একটা দিয়ে দেব। আছিতো আমি।’
এরকম দু’চার কথা হওয়ার পর ফোনের অন্য প্রান্ত থেকে জবাব আসে, ‘তোমারটা অবশ্যই থাকবে।’ বাংলার আবাস যোজনা প্রকল্পে মঙ্গলকোট থানা এলাকায় কাটমানি চাওয়ার এই অডিওটি (অডিওটি যাচাই করেনি আরম্ভ প্র্ত্রিকা ) সমাজমাধ্যমে ভাইরাল হতেই সামনে চলে এসেছে এই প্রকল্পে উপভোক্তাদের প্রাপ্য টাকায় থাবা বসানোর ষড়যন্ত্র। আর এসব বন্ধ করতেই চটজলদি ও অভিনব ব্যবস্থা নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। চালু করল কিউআর কোড। কাটমানির দাবি করলেই এই কোড স্ক্যান করে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ সরাসরি পৌঁছে যাবে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। জেলাশাসক আয়েশা রানি এ-র সাফ কথা, ‘বহুবার যাচাই করে আবাস যোজনা প্রকল্পের জন্য চূড়ান্ত করা হয়েছে যোগ্য উপভোক্তাদের তালিকা। তাই কাউকে একটা পয়সাও দেবেন না। কেউ চাইলে সরাসরি পুলিশ-প্রশাসনকে জানান।’
প্রশাসন সূত্রের খবর, কেন্দ্র সরকার আবাস যোজনা প্রকল্পে টাকা না দেওয়ায় রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি স্তরে যাচাইয়ের পর চূড়ান্ত করা হয়েছে উপভোক্তাদের তালিকা। জেলায় এবার ৭৫ হাজারেরও বেশি জনের নাম উঠেছে উপভোক্তাদের তালিকায়। তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাও শুরু হয়েছে। আর এটা জেনেই তৎপরতা শুরু করেছে প্রতারকরা। উপভোক্তাদের তালিকা সংগ্রহ করে ফোনে যোগাযোগ করা শুরু করেছে প্রতারকের দল। আর এটা আটকাতেই কিউআর কোডের ভাবনা। খণ্ডঘোষ ব্লক দিয়ে কিউআর কোড চালু হয়েছে। ধীরে ধীরে গোটা জেলায় এই পদ্ধতি চালু করে উপভোক্তাদের প্রতারণা আটকানোর কথা ভেবেছে প্রশাসন। আধিকারিকরা বলছেন, এখন সবার হাতেই স্মার্ট ফোন। তাই উপভোক্তারা সহজেই কিউআর কোড স্ক্যান করে অভিযোগ জানাতে পারবেন। এমনিতে সুপার চেকিংয়ের মাধ্যমে এবার জেলায় উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হয়েছে। তা সত্ত্বেও জেলার তিনটি ব্লক মন্তেশ্বর, মেমারি ১নং ও ভাতারে কয়েকজন অযোগ্যের নাম তালিকায় ঢুকে গেছে বলে অভিযোগ উঠেছে।
অযোগ্যরা যাতে আবাস যোজনার টাকা পেতে না পারে, সে ব্যাপারে প্রশাসন যথেষ্ট সতর্ক। সেই টাকা ফেরত নেওয়াতো বটেই, এমনকী আইনি পদক্ষেপও নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিকেরও কৈফিয়ৎ তলব করা হবে। পাকা বাড়ি থাকলে কোনওভাবেই আবাস যোজনার টাকা মিলবে না।
❤ Support Us







