Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১১, ২০২৩

ওয়ানাডে বললেন রাহুল, বিজেপি আমায় কারারুদ্ধ করতে পারে কিন্তু কন্ঠরোধ করতে পারবে না।’সত্যমেব যাত্রা’য় সঙ্গী প্রিয়াঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
ওয়ানাডে বললেন রাহুল, বিজেপি আমায় কারারুদ্ধ করতে পারে কিন্তু কন্ঠরোধ করতে পারবে না।’সত্যমেব যাত্রা’য় সঙ্গী প্রিয়াঙ্কা

বিজেপির সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর লড়াইটা ক্রমশ জোরালো হচ্ছে। সুরাটের আদালত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননার মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করার পরে সাংসদ পদ খারিজ হলেও রাহুল লড়াইয়ের ময়দান থেকে সরবেন না। আর ভাইয়ার পাশেই থাকবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা। মঙ্গলবার বিজেপি বিরোধী লড়াই আগামীদিনে আরও জোরদার করে তোলা হবে বলে কেরলের ওয়ানাডে নিজের লোকসভা কেন্দ্র থেকে ঘোষণা করেছেন রাহুল।

সাংসদ পদ খারিজ হওয়ার পরে নিজের লোকসভা কেন্দ্রে গেলেন রাহুল এই প্রথমবার। এদিন সেখান থেকেই শুরু করেন ‘সত্যমেব যাত্রা’। এদিন এক জনসমাবেশে রাহুল সমর্থকদের উদ্দেশে বলেন, বিজেপি আমার সাংসদ পদ কেড়ে নিতে পারে। বিজেপি আমাকে জেলেও পুরতে পারে। কিন্তু ওয়ানাডের মানুষের প্রতিনিধিত্ব আমি করবই। এ থেকে বিজেপি আমাকে নিবৃত্ত করতে পারবে না।

এদিন প্রিয়াঙ্কাও বিজেপি তথা কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, যে প্রশ্ন তোলার জন্যে রাহুলের সাংসদ পদ খারিজ করা হল, বিজেপি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। গোটা সরকারটাই গৌতম আদানির রক্ষাকর্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গৌতম আদানিকে রক্ষা করছেন, আর রোজ নিজের পোশাকের স্টাইল পাল্টাচ্ছেন। এদিকে সাধারণ মানুষের জীবনের কোনও পরিবর্তন হয়নি। চাকরির জন্যে তাঁরা সংগ্রাম করছেন।

রাহুল এবং প্রিয়াঙ্কা কয়েকদিন ওয়ানাডে থাকবেন। দুজনেই কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে এদিন ওয়ানাডে এসেছেন। ‘ভারত জোড়ো যাত্রা’র পরে এবং তাঁর বিরুদ্ধে কেন্দ্র শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরে এখন জনতাই তাঁর সম্বল ও শক্তি এদিন এই বার্তাই দিলেন রাহুল।

ওয়ানাডের নানা জায়গায় পোস্টার দেখা গেল রাহুলের বিতর্কিত মন্তব্যকে উদ্ধৃত করে। রাহুল বলেছিলেন, আমি সাভারকার নই, আমি কখনও ক্ষমা চাইবো না কিংবা পালাবো না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!