- দে । শ
- এপ্রিল ২১, ২০২৩
রাহুলের ঠিকানা বদল ! শনিবারই মাতৃনীড়ে আশ্রয় নেবেন ইন্দিরা-পৌত্র
ঠিকানা বদল করতে চাইছেন রাহুল গান্ধী। তুঘলক লেনের সরকারি বাংলো থেকে ১০, জনপথ রোডের বাড়িতে চলে যেতে চান কংগ্রেস নেতা। সংবাদ সংস্থার খবর, শনিবারই রাজীবপুত্র নিজের মা সোনিয়া গান্ধীর বাসভবনে চলে যাবেন ।
সুরাট জেলা শাসকের আদালতের রায়ে মোদি পদবী অবমাননা কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। পেয়েছেন দুবছরের কারাবাসের দণ্ড। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী সাংসদ পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে। তাই স্বাভাবিক কারণেই সরকারি বাংলোয় আর তাঁর থাকার কথা নয়। এ মর্মে ২৭ মার্চ লোকসভা থেকে একটি নোটিশ জারি করে সরকারি বাসভবন খালি করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু ৩০ দিনের অন্তর্বর্তী জামিন থাকায় তাঁর কাছে সুযোগ ছিল উচ্চতর আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন জানানোর। সে কারণে সংসদের নির্দেশ সত্ত্বেও তিনি বাড়ি ছাড়েননি। কিন্তু গতকাল সেশনস কোর্টের রায়ে তাঁর স্থগিতাদেশ জারি করার আবেদন খারিজ হয়ে গেছে। তাই রবিবারে সরকারি বাংলো ছাড়ার কথা থাকলেও তার আগের দিনই ঠিকানা বদলে নিতে চাইছেন ওয়েনাড়ের বহিষ্কৃত সাংসদ।
কংগ্রেস নেতৃত্ব উচ্ছেদ নোটিশ জারির প্রথম দিন থেকেই কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছেন। বিজেপি অবশ্য তাতে আমল দেয়নি। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন , যা হওয়ার তা বিধি অনুযায়ী হচ্ছে। সম্পত্তি সংক্রান্ত বিধি সকলের জানা। আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হলে, আইনত যা হওয়া উচিত সেটাই রাহুলের সঙ্গে হবে। তাঁর মতে, শতাব্দী প্রাচীন দলের বিরোধিতা নাটক ছাড়া আর কিছু নয়।
❤ Support Us





