Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ২১, ২০২৫

মহারাজের বায়োপিকে ব্যাট ধরবেন রাজকুমার

আরম্ভ ওয়েব ডেস্ক
মহারাজের বায়োপিকে ব্যাট ধরবেন রাজকুমার

গুঞ্জন ছিল, এবার পড়ল সিলমোহর। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, জীবন্ত কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। যদিও সিনেমা মুক্তি পেতে কিছুটা দেরি হতে পারে।

বহুদিন ধরে সৌরভের বায়োপিকে অভিনয় নিয়ে শোনা যাচ্ছিল একাধিক নাম। রণবীর কাপুর থেকে আয়ুষ্মান খুরানা কখনো বা রাজকুমার রাওয়ের নাম চর্চায় উঠে আসছিল। এবার সৌরভ স্বয়ং সব বিতর্কের অবসান ঘটালেন, জানালেন, জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও-ই মহারাজার চরিত্রে অভিনয় করবেন। তৃপ্তি ডিমরিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যেতে পারে। পরিচালক বিক্রম মোতওয়ানে ছবিটি নির্মাণ করবেন। তবে, মুক্তি পাওয়ার ব্যপারে মুখ খোলেননি কেউই। সিনেমা সমালোচকদের মতে আগামী বছরের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পেতে পারে।

‘কলকাতার রাজপুত্র’ হিসাবে সমাদৃত প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিচয় দেওয়া বাহুল্য। ভারতের হয়ে খেলেছেন ১১৩ টি টেস্ট ও ৩১১টি ওয়ান-ডে ম্যাচ। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সংগ্রহ করেছেন, ১৮,৫০০ রান। তাঁর নেতৃত্বে ২১টি টেস্টে জয়ী হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০০৩-এর বিশ্বকাপের ফাইনালে ভারতকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০০৮ সালে অবসর গ্রহণের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর সভাপতি হন। গত বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সিসিআইয়ের টেকনিক্যাল কমিটি এবং ক্রিকেট অ্যাডভাইজরি কমিটিতে কিংবদন্তি সচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের সঙ্গে দায়িত্ব পালন করেছেন সৌরভও।

ইতিমধ্যে, সৌরভ গাঙ্গুলির বর্ণময় চরিত্রকে পর্দায় পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর বিষয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। রাজকুমার রাওয়ের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন পরিচালক ও প্রযোজকেরা। চিত্রনাট্য ঘষামাজার কাজও শেষ। কিন্তু এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা, সামনেই আসতে চলেছে রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত রোমান্টিক সিনেমা ‘ভুল চুক মাফ’। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির টিজার। সেখানে ‘লাভ আজ কাল’ এর জনপ্রিয় গান ‘চোর বাজারী’র ব্যবহার দেখে উৎসুক সিনেপ্রেমিরা। এছাড়াও জুন মাসে আসতে চলেছে, তাঁর বহু প্রতীক্ষিত ফিল্ম ‘মালিক’। এসব নিয়ে আপাতত ব্যস্ত অভিনেতা। তাই সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকে শুরু হতে পারে সৌরভ গাঙ্গুলির বায়োবিকের শ্যুটিং। রাজকুমারকে ‘দাদা’র চরিত্রে দেখবার অপেক্ষায় এখন থেকেই প্রহর গুণছেন ভক্তরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!