Advertisement
  • দে । শ
  • মার্চ ৩১, ২০২৩

রামনবমীতে হাওড়ায় গোলমাল। দেশের নানা জায়গায় ‘গরম হাওয়া’-র পরিস্থিতি। দাঙ্গাবাজরা দেশের শত্রু, সরাসরি বললেন ক্ষুব্ধ মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
রামনবমীতে হাওড়ায় গোলমাল। দেশের নানা জায়গায় ‘গরম হাওয়া’-র পরিস্থিতি।  দাঙ্গাবাজরা দেশের শত্রু, সরাসরি বললেন ক্ষুব্ধ মমতা

 রামনবমীর দিনে গতকাল দেশের নানা প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছে। পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়া থেকে শুরু করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন জখম হয়েছেন। মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটকের সঙ্গে রামনবমীর দিনে অশান্তির ঘটনা ঘটল বাংলাতেও।

হাওড়ার বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, অশান্তি বাঁধাতে বিজেপি রাজ্যের বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা করেছে।

গতকাল রামনবমীর যে মিছিলকে ঘিরে হাওড়ায় গোলমালের সূত্রপাত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মিছিল যে এলাকা দিয়ে যাচ্ছিল, সেখান দিয়ে যাওয়ার আগাম অনুমতি নেওয়া হয়নি। কারণ, একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করার জন্য পরিকল্পনা সাজিয়েছে বিজেপি।

বৃহস্পতিবার রামনবমীর ওই মিছিলে পাথর ও ইট ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এলাকায় অগ্নিসংযোগ করা হয়। এলাকা শান্ত করতে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কর্তারা। শান্তি ফেরাতে ফ্ল্যাগ মার্চ শুরু করে পুলিশ।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দাঙ্গাবাজরা দেশের শত্রু। বিজেপি রামনবমীর মিছিল করছিল তরোয়াল এবং বুলডোজার নিয়ে। হাওড়ায় বিজেপি এভাবে মিছিল করা সাহস কোত্থেকে পেল? এব্যাপারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা বলেছেন, দেশে এমন দিনও এল, যখন রামনবমীর মিছিল কোনও এলাকা দিয়ে যেতে পারবে আবার কোনও কোনও এলাকা দিয়ে যেতে পারবে না। যে এলাকা দিয়ে মিছিল যাচ্ছিল, সেটা ঠিক রাস্তাই ছিল। তৃণমূল মিথ্যা কথা বলছে।

মুম্বইয়ের মালভানি এলাকায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে গতকাল রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিংসা ছড়ানোর দায়ে পুলিশ ২০জনকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের অওরঙ্গাবাদেও দু’দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশকর্মীদের ওপর আক্রমণের ঘটনায় ১০জন পুলিশকর্মী-সহ মোট ১২জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

গুজরাটের ভদোদরায় রামনবমীর দু’টি মিছিলে পাথর ছোঁড়ার ঘটনায় পুলিশ ২৪জনকে আটক করেছে। কর্ণাটকের হাসানে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু’জন ছুরিকাহত হয়েছেন বলে জানা গিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!