- বৈষয়িক
- জুন ৮, ২০২২
মূল্যবৃদ্ধি রুখতে আবার রেপো রেট বাড়াল আরবিআই, বাড়তে পারে ঋণের সুদের হার
গত মে মাসের পর আবার রেপো রেট অর্থাৎ ব্যাংকগুলিকে দেওয়া সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাংক। একধাক্কায় রেপো রেট বাড়িয়ে দেওয়া হল ৫০ বেসিস পয়েন্ট। যার ফলে রিজার্ভ ব্যাংকের নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৪.৯০ শতাংশ । বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
উল্লেখ্য, গত মাসে রেপো রেট বাড়ানো হয়েছিল ৪০ বেসিস পয়েন্ট । যার ফলে নতুন রেপো রেট দাঁড়িয়েছিল ৪.৪০ শতাংশ । জুন মাসে যে আবার রেপো রেট বাড়ানো হতে পারে সে ইঙ্গিত আগেই দিয়েছিল আরবিআই । এমনিতেই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার । গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম সেঞ্চুরি ছুঁয়েছে । রান্নার গ্যাসের দাম হাজার টাকা অতিক্রম করেছে । অন্যদিকে ডলারের নিরিখে টাকার পতন হয়েছে রেকর্ড হারে। ধস নেমেছে শেয়ার বাজারেও । এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আবার রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআইয়ের।
এর ফলে ব্যাংকগুলি ঋণের সুদের হার বাড়াতে পারে, এই আশঙ্কা তৈরি হয়ে গেল। এর আগে বিভিন্ন বেসরকারি ব্যাংক রেপো রেট বাড়ার পরে ইএমআই বাড়িয়ে দিয়েছিল। আবার তারা ইএমআই বাড়াতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আগেই এসবিআইয়ের অর্থনীতিবিদরা জানিয়েছিলেন, দেশে মৃল্যবৃদ্ধির অন্যতম কারণ রুশ-ইউক্রেন যুদ্ধ । মূল্যবৃদ্ধির ৫৯ শতাংশ কারণই হল বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি । এই অবস্থা সামাল দিতে গত মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আচমকা রেপো রেট, অর্থাৎ যে হারে স্বল্প মেয়াদে ব্যাংকগুলিকে ঋণ দেয়, সেই হার বাড়ায় ।
❤ Support Us








