- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৩, ২০২৩
পেরুর ওঝাদের তুকতাকে আটকে গেলেন নেইমার! তবু জয় ব্রাজিলের
তাঁদের তুকতাকে আটকে গেলের নেইমার। পেরুর ওঝারা এমন দাবি করতেই পারেন। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে আজ ভারতীয় সময় সকাল সাড়ে ৭ টায় ব্রাজিল–পেরু ম্যাচ ছিল। ম্যাচের আগে পেরুর এক ওঝা ঘোষণা করেছিলেন, তন্ত্রের মাধ্যমে নেইমারের মনকে আচ্ছন্ন করে দেবেন। যাতে ব্রাজিলের এই তারকা ফুটবলার গোল করতে না পারেন। নেইমার গোল না করলেও জিতল ব্রাজিল। ১–০ ব্যবধানে হারিয়েছে পেরুকে। ম্যাচের একমাত্র গোলটি করেন মারকিনিওস। এই নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকল ব্রাজিল।
পেরুর ওয়ালতার আলারকোন নামে এক ওঝা বলেছিলেন, ‘নেইমারের লক্ষ্য গোল করা। তন্ত্রের মাধ্যমে ওর মনকে এমনভাবে আচ্ছন্ন করে দেব, যাতে গোল করতে না পারে।’ ওঝার তুকতাকে কাজ হয়েছে কিনা, বলা কঠিন। তবে কাকতালীয়ভাবে নেইমার গোল পাননি। শুধু নেইমারই নন, এদিন ব্রাজিলের আক্রমণভাগের ফুটবলাররাই চূড়ান্ত ব্যর্থ। ব্রাজিলকে শেষপর্যন্ত কিনা জিততে হল এক ডিফেন্ডারের গোলে। তবে এই গোলে নেইমারেরও অবদান রয়েছে।
খেলা যখন নিশ্চিত ড্র–য়ের দিকে এগোচ্ছে, তখনই জ্বলে ওঠে ডিফেন্ডার মারকিনিওসের মাথা। ৯০ মিনিটের মাথায় কর্নার পায় ব্রাজিল। নেইমারের ইনসুইং কর্নারে হেডে গোল করে ব্রাজিলকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন মারকিনিওস। এর আগেও দু–দুবার পেরুর জালে বল ঢুকিয়েছিল ব্রাজিল। কিন্তু দু’বারই অফসাইডের জন্য বাতিল হয়ে যায়।
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল ব্রাজিলের। আক্রমণ শানালেও গোল তুলে নিতে পারছিল না। ১৭ মিনিটে রাফিনিয়া পেরুর জালে বল পাঠালেও অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ২৯ মিনিটে ব্রুনো গিমারেজের সেন্টার থেকে হেডে গোল করেছিলেন রিচার্লিসন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ৫ মিনিট ধরে রিপ্লে দেখে অফসাইডের জন্য গোলটি বাতিল করে দেন। প্রথমার্ধের একেবারে শেষদিকে পেরুর গোলকিপার পেড্রো গ্যালাসে নেইমারের একটা দুর্দান্ত শট আটকে দেন।
বিরতির পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে রিচার্লিসনকে তুলে গ্যাব্রিয়েল জেসুসকে নামান ব্রাজিল কোচ। তাতেও কাজের কাজ কিছু হয়নি। ৭২ মিনিটে রাফিনিয়ার ২০ গজ দুর থেকে নেওয়া শট দুর্দান্তভাবে আটকে নিশ্চিত গোল বাঁচান পেরু গোলকিপার। অবশেষে ম্যাচের শেষ মুহূর্তে মারকিনিওসের গোলে মান বাঁচে ব্রাজিলের।
❤ Support Us







