- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৯, ২০২৩
শেষ বলে নাটকীয় জয়, প্লে অফের লড়াইয়ে টিকে রইল নাইট রাইডার্স
প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে দুই দলের কাছেই ছিল মরণবাঁচন ম্যাচ। মরণবাঁচন ম্যাচে বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্রথম পর্বের ম্যাচে হারের প্রতিশোধ নিল নাইটরা। শেষ বলে চার মেরে নাইটকে নাটকীয় জয় এনে দেন রিঙ্কু সিং। প্রথমে ব্যাট করে ১৭৯/৭ রান তুলেছিল পাঞ্জাব কিংস। জবাবে ১৮২/৫ তুলে ম্যাচ জিতে নেয় নাইটরা।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। দ্বিতীয় ওভারেই প্রভসিমরণ সিংকে তুলে নেন হর্ষিত রানা। ৮ বলে ১২ রান করে আউট হন প্রভসিমরণ। তিন নম্বরে নামা ভানুকা রাজাপক্ষেও (০) ব্যর্থ। তাঁকেও ফেরান হর্ষিত রানা। শুরুতে দুরন্ত বোলিং করেন নাইট রাইডার্সের এই জোরে বোলার। ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন লিয়াম লিভিংস্টোন। তাঁকে ফিরিয়ে পাঞ্জাবকে বড় ধাক্কা দেন দেন বরুণ চক্রবর্তী। ৯ বলে ১৫ রান করেন লিভিংস্টোন।
লিভিংস্টোন আউট হওয়ার পর পাঞ্জাবকে টেনে নিয়ে যান অধিনায়ক শিখর ধাওয়ান ও জিতেশ শর্মা। ১৩ তম ওভারে জিতেশ শর্মাকে তুলে নেন বরুণ চক্রবর্তী। ১৮ বলে ২১ রান করে আউট হন জিতেশ। ধাওয়ানের সঙ্গে জুটিতে তোলেন ৫৩ রান। জিতেশ আউট হওয়ার পর ৪১ বলে ৫০ রান পূর্ণ করেন শিখর ধাওয়ান। শেষ পর্যন্ত নীতীশ রানার বলে আউট হন তিনি। ৪৭ বলে ৫৭ রান করে আউট হন ধাওয়ান।
ধাওয়ান আউট হওয়ার পরপরই দ্রুত ২ উইকেট হারায় পাঞ্জাব। পরপর ফিরে যান ঋষি ধাওয়ান (১১ বলে ১৯) ও সাম কারেন (৯ বলে ৪)। ঋষিকে তুলে নেন বরুণ চক্রবর্তী। কারেনকে ফেরান সুয়শ শর্মা। শেষ ওভারে ঝড় তুলে পাঞ্জাবকে ১৭৯/৭ রানে পৌঁছে দেন শাহরুখ খান ও হরপ্রীত ব্রার (৯ বলে অপরাজিত ১৭)। ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি। দুরন্ত বোলিং করে ২৬ ওভারে ৩ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। ৩৩ রানে ২ উইকেট নেন হর্ষিত রানা।
জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল নাইট রাইডার্সের কাছে। যদিও ভাল শুরু করেছিলেন নাইটদের দুই ওপেনার জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজ। ওপেনিং জুটিতে ওঠে ৩৮। পঞ্চম ওভারে গুরবাজকে (১২ বলে ১৫) তুলে নেন নাথান এলিস। এরপর ২৪ বলে ৩৮ রান করে আউট হন জেসন রয়। নীতীশ রানা ও ভেঙ্কটেশ আয়ার জুটি দলকে টানছিলেন। ১৪ তম ওভারে রাহুল চাহারের বলে আউট হন ভেঙ্কটেশ আয়ার (১৩ বলে ১১)। এক ওভার পরেই নীতীশ রানাকেও তুলে নেন রাহুল চাহার। ৩৮ বলে ৫১ রান করে আউট হন নীতীশ। তিনি আউট হতেই চাপে পড়ে যায় নাইট রাইডার্স। শেষ দিকে দুরন্ত ব্যাটিং করে চাপ কাটিয়ে দলকে জয়ের কাছে পৌঁছে দেন আন্দ্রে রাসেল। ২৩ বলে ৪২ করে রান আউট হন তিনি। শেষ বলে ২ রান দরকার ছিল নাইটদের। অর্শদীপের বলে ৪ মেরে দলকে জেতান রিঙ্কু সিং। ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ২৩ বলে ২ উইকেট নেন রাহুল চাহার।
❤ Support Us







