ঝাঁ ঝাঁ রৌদ্রে অথবা ফিঙ-ফোটা-জ্যোৎস্নায়। পর্ব ১০

সওদাগর ‘তপোসা’ আর ‘পালেকাথ’ সবেগে এসে আমার সামনে দণ্ডায়মান, তাদের উচ্চ শুকতলাযুক্ত জুতো হাড়িকাঠে ঘাড়-মুণ্ড রেখেও পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, তখনই ফের আরেকবার সজোরে উচ্চৈঃস্বরে কলরব উঠল, মাথামুণ্ডহীন সমবেত জনতা ইতস্তত দৌড়ুতে লাগল। খোল-কত্তাল-মিরদঙ্গিয়ার দল ঘাঘর-ঘন্টাধ্বনি সহযোগে ফের একবার গা ঝাড়া দিয়ে উঠেপড়ে বাজাতে লাগল। ঢাক-ঢোল-সানাই-চ্যাচ্চেড়ির বাদ্যকররা গলার শিরা ফুলিয়ে তারস্বরে সুর তুলল।