Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৮, ২০২৩

‌আমেদাবাদে সেঞ্চুরি করলেই গাভাসকারকে স্পর্শ করবেন রোহিত শর্মা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আমেদাবাদে সেঞ্চুরি করলেই গাভাসকারকে স্পর্শ করবেন রোহিত শর্মা

বর্ডার–গাভাসকার ট্রফিতে বৃহস্পতিবার থেকে আমেদাবাদে শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট। চতুর্থ টেস্টে মাঠে নামার আগে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারতীয় দলের অধিনায় রোহিত শর্মা। আমাদেবাদে সেঞ্চুরি পেলেই স্পর্শ করবেন সুনীল গাভাসকারের রেকর্ড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাঠে একমাত্র দুটি সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে সুনীল গাভাসকারের। তিনি ছাড়া আর কোনও ভারত অধিনায়ক দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দুটি সেঞ্চুরি পাননি। ১৯৭৯ সালের সিরিজে গাভাসকার দু’‌দুটি সেঞ্চুরি করেছিলেন। ৬ টেস্টের সিরিজে গাভাসকরের মোট রান ছিল ৪২৫। কিম হিউজের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই সিরিজে গাভাসকার ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি করেছিলেন।

চলতি সিরিজে রোহিত শর্মাই একমাত্র সেঞ্চুরি করেছেন। নাগপুর টেস্টে প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১২০ রান। আমেদাবাদ টেস্টে রোহিত সেঞ্চুরি পেলে সুনীল গাভাসকারের কীর্তি স্পর্শ করবেন। তিনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার চলতি সিরিজে ২০০ রানের গণ্ডি পার করতে পারেননি। রোহিত নাগপুর টেস্টে ১২০ রান করেছিলেন। দিল্লিতে করেন ৩২ ও ৩১, ইন্দোরে দুই ইনিংসেই ১২ রান করেন। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটাই সেঞ্চুরি রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর কোনও টেস্ট সেঞ্চুরি নেই। টেস্টে রোহিতের মোট ৯টি সেঞ্চুরি, আটটিই দেশের মাটিতে।

রোহিত ছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে সেঞ্চুরি রয়েছে মনসুর আলি খান পতৌদি, কপিলদেব, মহম্মদ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিং ধোনির। মনসুর আলি খান পতৌদি ৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ১টি সেঞ্চুরিসহ ৪৯০ রান করেছেন। কপিলদেব ৩ টেস্টে নেতৃত্ব দিয়ে করেছেন ১২০ রান, সেঞ্চুরি ১টি। মহম্মদ আজহারউদ্দিনও দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। রান করেছেন ৩১১, সেঞ্চুরি ১টি। ধোনি ৮ টেস্টে দেশের মাঠে অসিদের বিরুদ্ধে ১টি শতরান সেঞ্চুরি করেছেন। রান করেছেন ৬৪৩। রোহিত শর্মা ৩ টেস্টে এখনও পর্যন্ত করেছেন ২০৭ রান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!