Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৮, ২০২৪

জেলা সবলা মেলার উদ্বোধন কাটোয়ায়

আরম্ভ ওয়েব ডেস্ক
জেলা সবলা মেলার উদ্বোধন কাটোয়ায়

প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাই তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে অনাড়ম্বরভাবে শুরু হল পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা। কাটোয়া শহরের কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দপ্তর এবং জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, মেলার অন্যতম কর্ণধার কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা স্বনিযুক্তি প্রকল্পের আধিকারিক শামস তিবরেজ আনসারি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র, মহকুমাশাসক অহিনসা জৈন, পুরপ্রধান সমীর সাহা-সহ জেলার একঝাঁক বিধায়ক। সবলা মেলার উদ্বোধন মঞ্চে মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, ‘মৃত্যুর পর দুঃখপ্রকাশ করা সহজ। কিন্তু দেশের শাসনকর্তাদের জানতে হবে, ভারতের অর্থনীতিকে তিনি কতটা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে মনমোহন সিংহর অর্থনীতির দর্শনকে প্রয়োগ করার পাঠ নিন দেশের বর্তমান শাসকরা।’ সেইসঙ্গে হস্তশিল্পীদের বিক্রিবাটার নিশ্চয়তা বাড়াতে মেলায় বেশি বেশি মানুষের যোগদানেরও আহ্বান জানান মন্ত্রী। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, মেলা কমিটির সদস্য দিগন্ত পালদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে যেহেতু রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, তাই মেলায় আসা স্বনির্ভর গোষ্ঠীর জিনিসপত্র কেনাবেচা চললেও পয়লা জানুয়ারি পর্যন্ত সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মেলার দিন ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। দোসরা জানুয়ারি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হবে।

কেনাবেচা ও লাভের কড়ি মেলার লক্ষ্যেই সাফল্য মেলে কাটোয়ায় আয়োজিত রাজ্য সরকারের পূর্ব বর্ধমান জেলা সবলা মেলার। তাই এবারও জেলা সবলা মেলার স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে কাটোয়াকেই। টানা ৪ বার কাটোয়ায় আয়োজিত হচ্ছে জেলা সবলা মেলা। জেলার স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের তৈরি নানান ধরনের হস্তশিল্প নিয়ে মেলায় অংশ নিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার ডোকরা শিল্প, শোলাশিল্প, কাঁথাস্টিচ, দারুশিল্প, তাঁতশিল্প, বাঁশের কাজ, পিঠেপুলি-সহ ৮৮টি স্টল হয়েছে। বিধায়ক রবীন্দ্রনাথবাবু জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তশিল্পীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় সবলা মেলার বন্দোবস্ত করেছেন। যে উদ্যোগ অভিনব ও অভাবনীয়। শিল্পীরা বিনা পয়সায় স্টল দিয়ে সরাসরি তাঁদের হাতের কাজ বিক্রি করতে পারায় লাভের মুখ দেখেন।’ প্রশাসন সূত্রের খবর, কাটোয়ায় শিল্পকর্মের ভালো বিক্রি হয়। তাই এবারও মেলার স্থান হিসেবে কাটোয়াকে বেছে নেওয়া হয়েছে। জেলার ২৩টি ব্লক-সহ ৬টি পুরসভা এলাকার ২ টি করে স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের শিল্পকর্ম নিয়ে মেলায় যোগ দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!