- দে । শ
- মার্চ ২১, ২০২৩
বুধবার বিধানসভায় বাইরন। নৌসার আলি কক্ষে শপথ নেবেন কংগ্রেস বিধায়ক
অবশেষে রাজ্য বিধানসভায় নবনির্বাচিত কংগ্রেসের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাসের শপথগ্রহণের দিন স্থির হল। বুধবার বাইরন বিশ্বাস শপথগ্রহণ করবেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বুধবার দুপুরে শপথগ্রহণ অনুষ্ঠান। বাইরনের শপথগ্রহণের ব্যাপারে সোমবারই অনুমোদন দিয়েছে রাজভবন। রাজভবনের তরফে এব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
সাগরদিঘি কেন্দ্রের ফল গত ২ মার্চ ঘোষিত হওয়ার পর থেকে বাইরনের শপথগ্রহণ ঝুলে ছিল। তবে ফল ঘোষণার কিছুদিন পরে বাইরন কংগ্রেস নেতা নেপাল মাহাতো ও অসিত মাহাতোর সঙ্গে বিধানসভায় গিয়েছিলেন। ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বাইরনকে রাজ্যপালের কাছে নিয়ে গিয়েছেন। এরপরও শপথগ্রহণের অনুষ্ঠানের দিন ঘোষণা করা হয়নি।
বিষয়টি নিয়ে সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরর়ঞ্জন চৌধুরী রাজ্যপালকে ফোন করেছিলেন। দুজনের মধ্যে কথাবার্তাও হয়। এরপরই রাজভবন বিজ্ঞপ্তি জারি করেছে।বুধবার বেলা বারোটায় বাইরন বিশ্বাস শপথ নেবেন বিধানসভার নৌসার আলি কক্ষে। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশই দিয়েছেন রাজ্যপাল।
বিধানসভা সূত্রের খবর, চলতি মাসে যে সময়ে সাগরদিঘি থেকে নির্বাচিত হয়েছেন বাইরন বিশ্বাস সেইসময়ে বিধানসভার অধিবেশন চলছিল না। ফলে ওঁর শপথগ্রহণের দিনক্ষণ ঝুলে ছিল। সেই সমস্যা মিটল।
❤ Support Us







