- এই মুহূর্তে দে । শ
- মে ১০, ২০২৩
নিরাপত্তার অভাব, রাজ্যকে চিঠি দিয়েও মেলেনি সুরাহা। হাই কোর্টের দ্বারস্থ বায়রন বিশ্বাস
বুধবার মামলাটি আদালতে উঠেছে। পরবর্তী শুনানি ১৫ মে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কিছুটা আগ্রহী ও উৎসাহী হয়ে সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক গত রবিবার বলেছিলেন, তিনি চলতি সপ্তাহে কলকাতায় আসবেন। মুখ্যমন্ত্রী তাঁকে যদি সময় দেন তাহলে তিনি তাঁর বিধানসভা এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলবেন। তবে বুধবার কলকাতায় এসে নিজের নিরাপত্তার অভাবে ভুগছেন বলে জানালেন কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। শুধু এখানেই তিনি থেমে থাকলেন না, নিজের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন সাগরদিঘির বিধায়ক। বুধবার মামলাটি আদালতে উঠেছে। পরবর্তী শুনানি ১৫ মে। এখন প্রশ্ন, এর পরে অভিষেকের আহ্বান অনুযায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বায়রন বিশ্বাসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় দেবেন?
বায়রন বিশ্বাস বিধায়ক হওয়ার পর থেকেই পর্যাপ্ত নিরাপত্তা পাননি বলে বলে আসছেন। তিনি একাধিকবার বলেছেন, তিনি নিরাপত্তার অভাবে ভুগছেন। পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে রাজ্যকে চিঠিও দিয়েছিলেন বায়রন বিশ্বাস। বায়রনের দাবি, রাজ্য সরকার তাঁকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। উপযুক্ত নিরাপত্তা পাননি বিরোধী বিধায়ক। তাই এবার বাধ্য হয়েই তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন।
প্রসঙ্গত, “তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শনিবার মুর্শিদাবাদে জনসভা থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করতে গিয়ে সাগরদিঘির উন্নয়নের প্রসঙ্গ তোলেন। পরাজয় ভুলে আবার একজোট হয়ে লড়াইয়ের বার্তা দলীয় কর্মীদের দেন অভিষেক। ওই সভা থেকেই সাগরদিঘির নব নির্বাচিত কংগ্রেস বিধায়কের উদ্দেশে অভিষেক বলেন, “সাগরদিঘির উন্নয়ন চায় রাজ্য সরকার। কাজ করতে গিয়ে সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুক বায়রন।” অভিষেকের এই বার্তার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, কংগ্রেস বিধায়ককে কাছে টানার চেষ্টা করছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেকের বার্তা পেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছেন বায়রন বিশ্বাস। এরমধ্যে নিরাপত্তার দাবিতে কার্যত রাজ্যকে কাঠগড়ায় তুলে হাই কোর্টের দ্বারস্থ হলেন বায়রন। তাই এখন প্রশ্ন এর পর কি বায়রন মুখ্যমন্ত্রী কাছ থেকে সময় পাবেন?
❤ Support Us







