Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৬

সাজা কমল মায়ানমারের নোবেলজয়ী নেত্রী সু চির, মুক্তির জল্পনা তুঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
সাজা কমল মায়ানমারের নোবেলজয়ী নেত্রী সু চির, মুক্তির জল্পনা তুঙ্গে

মায়ানমারের সামরিক শাসন-সমর্থিত নতুন সরকারের শপথ নেওয়ার পরই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নোবেলজয়ী গণতন্ত্রকামী নেত্রীআউং সান সু চি-র কারাদণ্ড কমানোর ঘোষণা করা হয়েছে। শুক্রবার তাঁর আইনজীবী জানিয়েছেন, সু চির মোট ২৭ বছরের কারাদণ্ড কমিয়ে এক-ষষ্ঠাংশ, অর্থাৎ প্রায় সাড়ে ৪ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, সু চি কি খুব শিগগিরই মুক্তি পেতে চলেছেন? কারণ, নতুন নির্ধারিত সাজার মেয়াদ অনুযায়ী তিনি ইতিমধ্যেই সে সময় অতিক্রম করে ফেলেছেন। তবে তাঁর অনুগামীদের একাংশ আশঙ্কা করছেন, তাঁকে সম্পূর্ণ মুক্তি না দিয়ে গৃহবন্দি করে রাখা হতে পারে। সম্প্রতি,  মায়ানমারে নতুন সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সামরিক জুন্টার প্রধান মিন অং হ্লাইং। তাঁর সরকার শুধু সু চির সাজা কমানোই নয়, আরও ৪৩৩৫ বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। পাশাপাশি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।  মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্টও, যিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মায়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়। সেই সময় সু চি-সহ তাঁর দলের বহু শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত, নির্বাচনে কারচুপি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস এবং হিংসায় উস্কানির মতো একাধিক অভিযোগ আনা হয়। ২০২০ সালের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ডেমোক্রেসি বিপুল জয় লাভ করেছিল। কিন্তু অভ্যুত্থানের পর থেকে দেশে সামরিক শাসন জারি হয় এবং গণতন্ত্রপন্থী নেতাদের উপর কঠোর দমননীতি চালানো হয়।

গত ৫ বছরে সু চির ঘনিষ্ঠ সহযোগীসহ দলের একাধিক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে জুন্টা সরকার। বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার বৈধতা প্রতিষ্ঠা করতেই এই কঠোর পদক্ষেপগুলি নেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সু চির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তাঁর সাজা কমানোর সিদ্ধান্ত মায়ানমারের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!