- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২১, ২০২৫
দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিরুদ্ধেও সিরিজে নেই সামি, দলে বাংলা থেকে অভিমন্যু ও আকাশদীপ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে জাতীয় দলের সুযোগ পাননি মহম্মদ সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও ব্রাত্য। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজেও যে তাঁকে ভাবা হচ্ছে না, পরিষ্কার করে দিলেন জাতীয় নির্বাচকরা। সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে ভারতীয় ‘এ’ দলে সামিকে রাখা হয়নি। তবে বাংলার অন্য দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ ও আকাশদীপ দলে সুযোগ পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের আগে দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল। মঙ্গলবার দল ঘোষণা করা হয়েছে। দুটি দলেরই অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। তিনমাস পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। ২৭ জুলাই শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। চোট সারিয়ে ৯৫ দিন পর আবার খেলতে দেখা যাবে তাঁকে। দু’টি ম্যাচেই ঋষভ পন্থের ডেপুটি করা হয়েছে সাই সুদর্শনকে। এছাড়া লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজরা দ্বিতীয় ম্যাচে খেলবেন। বাংলার অভিমন্যু ও আকাশদীপকেও দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়েছে।
দুটি ম্যাচের জন্য আলাদা আলাদা দুটি দল বেছে নেওয়া হয়েছে। প্রথম ম্যাচের দলে রয়েছেন:ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন। দ্বিতীয় ম্যাচের দলে রয়েছেন: ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।
বেঙ্গালরুর সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ভারত ‘এ’। প্রথম ম্যাচ শুরু ৩০ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ৬ নভেম্বর। তার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। সেই সিরিজের আগে ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন নির্বাচকেরা। সামি বাংলার হয়ে রনজি খেললেও তাঁর কথা যে নির্বাচকেরা ভাবছেন না, তা ভারত ‘এ’ দল থেকেই পরিষ্কার। ভারতীয় জার্সিতে সামির খেলার সম্ভাবনা কার্যত শেষ।
❤ Support Us







