- এই মুহূর্তে দে । শ
- জুন ৬, ২০২৪
সুপ্রিম নির্দেশে জল-স্বস্তি রাজধানীতে
অবশেষে কিছুটা হলেও জলের কষ্ট থেকে মুক্তি পেতে চলেছে রাজধানী দিল্লি। আজ সুপ্রিম কোর্ট তার রায়ে হিমাচল প্রদেশকে ১৩৭ কিউসেক জল দিল্লির জন্য মঞ্জুর করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি হরিয়ানার সরকারকেও এ পদক্ষেপে পাশে দাঁড়াতে বলেছে শীর্ষ আদালত।
উত্তর ভারত জুড়ে চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। দিল্লিসহ হরিয়ানা প্রভৃতি রাজ্যে অত্যধিক গরমে নাজেহাল বাসিন্দারা। নির্বাচন চলাকালীন বহু হিট স্ট্রোকে প্রাণ হারানোর খবর প্রকাশিত হয়েছিল । তার মধ্যে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছিল পানীয় জলের কষ্ট। বিভিন্ন এলাকায় পুরসভা থেকে পানীয় জলের গাড়ি পাঠানো হলেও তাতে প্রয়োজন মিটছিল না বাসিন্দাদের। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছিলেন বহু শহরবাসী।শেষে জলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় দিল্লির সরকার।
প্রশান্ত কুমার মিশ্র ও কে ভি বিশ্বনাথের অবসরকালীন বেঞ্চ হিমাচলের সরকারকে জানিয়েছে আগামীকাল থেকেই অগ্রাধিকারের ভিত্তিতে রাজধানী দিল্লিকে জল দেওয়া হোক। পাশাপাশি হরিয়ানা যেন কোনোভাবে এতে বাধার সৃষ্টি যেন না করে। পাশাপাশি আপার যমুনা রিভার বোর্ডকে সে জলের পরিমাপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার শুনানির সময়, সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চর বিচারকরা বলেন, ‘যেহেতু হিমাচল প্রদেশের কোনো আপত্তি নেই, তাই আমরা নদী থেকে ১৩৭ কিউসেক জল সরবরাহের নির্দেশ দিই যাতে এ জল হাথনিকুন্ড ব্যারেজে পৌঁছায় এবং ওয়াজিরাবাদ হয়ে দিল্লি পৌঁছায়৷’ দিল্লির সরকারকে অযথা জল অপচয় না করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী ১০জুন এ আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
❤ Support Us







