- দে । শ
- মার্চ ১০, ২০২৫
সাপের কামড়ে মৃত ছাত্রী
চিকিৎসার সুবিধার জন্য বালতিতে ভরে বিষধর গোখরো সাপ নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তাতে অবশ্য শেষরক্ষা হয়নি। মৃত্যু হল রিঙ্কু ক্ষেত্রপাল (১৪) নামে মেমারির পলতা গ্রামের সর্পদষ্ট কিশোরীর। সকাল ৭টা নাগাদ বাড়িতে পুজোর জন্য ফুল তুলতে গিয়েছিল রিঙ্কু। গাছের গায়ে একটি কাঠের গুঁড়ি আর বেশকিছু টালি জড়ো করে রাখা ছিল। টালির গাদার মধ্যে থাকা বিষধর সাপটি কালনা ২নং ব্লকের বিরুহা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রিঙ্কুর ডান পায়ে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে সাপটিকে একটি বালতিতে ভরে ও সর্পদষ্ট কিশোরীর ডান পায়ে কাপড়ের দুটি বাঁধন দিয়ে তাকে ও সাপটিকে নিয়ে কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান রিঙ্কুর বাড়ির লোকজন। তবে যাওয়ার পথেই প্রায় নেতিয়ে পড়ে রিঙ্কু।
হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা রিঙ্কুকে মৃত বলে ঘোষণা করেন। সাপটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণ জানাতে গিয়ে রিঙ্কুর বাবা নিখিল ক্ষেত্রপাল বলেন, ‘কোন সাপে কামড়েছে, চিকিৎসকের তা দেখে চিকিৎসা করতে সুবিধা হবে বলেই বালতিতে ভরে মুখ বন্ধ করে নিয়ে যাওয়া হয় সাপটিকে। তাতে আর কী লাভ হল? মেয়েটাতো চলেই গেল।’ এদিন কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয় রিঙ্কুর।
❤ Support Us





