- দে । শ
- এপ্রিল ২৪, ২০২৩
সংসদীয় নির্বাচন ডিসেম্বর কিংবা জানুয়ারিতে। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতির আসনে মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ৭৪ বছর বয়স্ক সাহাবুদ্দিন চুপ্পু। সোমবার ঢাকায় রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের সংসদের অধ্যক্ষ শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করালেন। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী পাঁচ বছর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাহাবুদ্দিন চুপ্পু। এর আগে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন আবদুল হামিদ।
এদিন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে নতুন রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর শপথগ্রহণের অনুষ্ঠান। বিদায়ী প্রেসিডেন্ট আবদুল হামিদ নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে শুভেচ্ছা জানিয়েছেন। আবদুল হামিদই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে টানা ১০ বছর ধরে রাষ্ট্রপতির কার্যভার সামলেছেন।
রাষ্ট্রপতি পদে বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন গত ১৩ ফেব্রুয়ারি। সাহাবুদ্দিন চুপ্পু ছাড়া দ্বিতীয় কোনও প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি। প্রসঙ্গত, বাংলাদেশের ৩৫০ আসনের জাতীয় সংসদে আওয়ামি লিগের সদস্য সংখ্যা সর্বাধিক, ৩০২জন।
বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুর জন্ম পাবনায়। পেশায় জেলা বিচারক ছিলেন তিনি। ২০০৬ সালে অবসরগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযু্দ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিচারক হিসেবে ২০০৬ সালে অবসর নেওয়ার পরে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধক কমিশনের কমিশনার হিসেবেও কাজ করেন ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। পরে রাজনীতিতে যোগ দিয়ে আওয়ামি লিগ উপদেষ্টা পরিষদের সদস্য হন। সাহাবুদ্দিনের স্ত্রী রেবেকা সুলতানা বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ছিলেন।
বাংলাদেশের সংবিধান অনুসারে, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিন আগে সেদেশে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করাতে হয়। সেই অনুযায়ী গত ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। গত রবিবার রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৩ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।
❤ Support Us







