- প্রচ্ছদ রচনা
- জুলাই ৫, ২০২২
অগণতান্ত্রিক সরকার, শীঘ্রই পতন হবে, মহারাষ্ট্রে টাকা দিয়ে বিধায়কদের কিনেছে বিজেপি : মমতা
উদ্ধব ঠাকরেকে সরিয়ে বিজেপির সাহায্যে তাঁর দলেরই বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মসনদে বসেছেন । শিবসেনার মধ্যে ভাঙনের জেরে সরকার বদলে গিয়েছে মহারাষ্ট্রে । নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ। রাজনৈতিক মহলে এই পালাবদল নিয়ে যে তরজা চলছে সোমবার তাতে নতুন মাত্রা যোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একনাথ শিন্ডে সরকারের আস্থা ভোটের আগে, এনসিপি প্রধান শারদ পাওয়ার দাবি করেছিলেন যে শিন্ডে-বিজেপি সরকার ছয় মাসের বেশি টিকবে না। তাদের সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবার মমতাও শারদের মন্তব্যে সমর্থন জানালেন। মমতা বলেন, আস্থাভোটে জিতলেও মহারাষ্ট্রের মানুষের মন জয় করতে পারেনি এই সরকার। টাকার জোরে ক্ষমতা দখল করেছে তারা। বিজেপি মহারাষ্ট্রে উদ্ধব সরকারকে অগণতান্ত্রিক উপায়ে সরিয়েছে। তাদের সরকার বেশিদিন টিকবে না।’
উল্লেখ্য, উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো। মমতার সঙ্গে বিরোধী ঐক্যে যোগ দিতে চলেছেন উদ্ধব ঠাকরে। মুম্বই গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে একাধিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। এমনকি ২০২১-এর নির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ক শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন উদ্ধব ঠাকরে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, ‘বিদ্রোহী শিবসেনা বিধায়কদের টাকা দিয়ে কিনেছে বিজেপি। আসামে বিজেপি বিদ্রোহী শিবসেনার বিধায়কদের হাতে রাখার জন্য টাকা ছড়িয়েছে। এর পরই মমতার সংযোজন, যাঁরা পারিবারতন্ত্রের রাজনীতির বিষয় নিয়ে কথা বলছেন তাঁদের নিজের পরিবারের সদস্যরা একাধিক পদে রয়েছেন। বিসিসিআই সেক্রেটারি হওয়ায় অমিত শাহের ছেলেকেও কটাক্ষ করেন মমতা। তাঁর কথায়, ‘যখন কেউ বিসিসিআইয়ের সচিব পদে বসেন তখন কেউ পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন না। শুধু যাঁরা সাধারণ মানুষের জন্য লড়াই করেন তাঁদের নিয়ে যত সমস্যা । কোন পরিবারতন্ত্র নিয়ে ওঁরা প্রশ্ন করে? শেখ মুজিবর রহমানের পর বাংলাদেশের দায়িত্ব হাতে তুলে নিয়েছেন শেখ হাসিনা। উনি ছাড়া আর কে নিতেন এই দায়িত্ব?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর জবাব, যুবপ্রজন্ম এগিয়ে আসবে। দেশের হাল ধরবে। সেটা কি কেউ চায় না। অভিষেককে মানুষ দু’বার জিতিয়ে ক্ষমতায় এনেছে। ও রাজনীতিতে থাকলে ক্ষতি কোথায়?
এদিকে মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন খেলা। শিণ্ডে শিবিরের তরফে অন্তত প্রথম পদক্ষেপটি করা হল। দলীয় হুইপ উপেক্ষা করার অভিযোগে শিব সেনার বেশ কিছু বিধায়ককে বিধায়ক পদ খারিজের নোটিস পাঠিয়েছে শিব সেনার শিণ্ডে শিবির। কিন্তু ওই একই ‘অপরাধে’ উদ্ধব ঠাকরের ছেলে তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করছে না তারা।
শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ।আসলে মহারাষ্ট্রের নতুন স্পিকার রাহুল নরবেকর একনাথ শিণ্ডেকে শিব সেনার পরিষদীয় দলনেতা হিসাবে স্বীকৃতি দেওয়ার পরই বিপদ বেড়েছে উদ্ধব শিবিরের। আস্থা ভোটের আগে শিণ্ডের তরফে হুইপ জারি করা হয়েছিল, শিব সেনার সব বিধায়ককে ভোট দিতে হবে তাঁদের পক্ষেই। উদ্ধব ঘনিষ্ঠ বিধায়করা সেই হুইপ না মেনে সরকারের বিপক্ষে ভোট দেন। আদিত্য ঠাকরেও ভোট দেন সরকারের বিপক্ষেই। শিণ্ডে শিবির এরপর যেসব শিব সেনা বিধায়ক তাঁদের ভোট দেয়নি তাঁদের প্রত্যেককে বিধায়ক পদ বাতিলের নোটিস পাঠিয়েছে। পাঠানো হয়নি শুধু আদিত্য ঠাকরেকে।
শিণ্ডে শিবিরের তরফে শিব সেনার স্বীকৃত মুখ্য সচেতক ভারত গোগাওয়ালে বলেছেন, ‘আদিত্যর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করা হয়নি। কারণ, বালাসাহেব ঠাকরেকে আমরা সম্মান করি।’ যদিও মুম্বইয়ের রাজনীতিতে গুঞ্জন, ঠাকরে পরিবারকে সন্ধির বার্তা দিতেই আদিত্যর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না শিণ্ডে সেনা। বলে রাখা দরকার, শিব সেনার এই পুরো ভাঙনপর্বে উদ্ধবকে সরাসরি বিক্ষুব্ধ শিবিরের কোনও নেতা আক্রমণ করেননি। উলটে বিক্ষুব্ধদের মুখপাত্র দীপক কেসরকারকে বলতে শোনা গিয়েছে, ‘উদ্ধবের বিরুদ্ধে আমাদের কোনও বিরোধ নেই। আমরা তাঁকেই নেতা বলে মনে করি।’ শোনা যাচ্ছে, আসন্ন বৃহন্মুম্বই পুরসভা ভোটের আগে শিব সেনার দুই শিবির এক হয়ে যাক, এমনটা চাইছেন দলের একাধিক সাংসদও। তাঁরা দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতেও রাজি।
যদিও উদ্ধব শিবিরের তরফে এখনও প্রকাশ্যে সন্ধির কোনওরকম ইঙ্গিত দেওয়া হয়নি। উলটে তাঁরা এখনও রণং দেহী। দলের হুইপ নিয়ে নতুন স্পিকার রাহুল নরবেকরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব শিবির। পিটিশনে উল্লেখ করা হয়েছে যে, একনাথ শিণ্ডে-সহ ১৬ বিদ্রোহীর বিধায়ক পদ বাতিলের মামলার এখনও ফয়সালা হয়নি। এই প্রেক্ষিতে স্পিকারের হুইপ বৈধ নয়। এদিকে স্পিকার রাহুল নরবেকর এনসিপির অজিত পওয়ারকে মহারাষ্ট্রের নতুন বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করেছেন। এরকম পরিস্থিতিতে এখন দেখার বিষয় জল কতদূর গড়ায় ?
❤ Support Us









