- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২২, ২০২৩
বড় ধাক্কা নাইট রাইডার্সের, গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আয়ার
আশঙ্কাটা ছিলই। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স আয়ার। শুধু তাই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলতে পারবেন না। শ্রেয়স আয়ার ছিটকে যাওয়ায় ভারতের থেকেও বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। কারণ তাঁর হাতেই ছিল নেতৃত্বের দায়িত্ব। এখন নাইট রাইডার্সকে আবার নতুন করে অধিনায়ক খুঁজতে হবে। পাশাপাশি শ্রেয়সের বিকল্প ব্যাটারও খুঁজে বার করতে হবে।
লোয়ার ব্যাকে চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারেননি। রিহ্যাবের জন্য বেশ কিছুদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন। চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টে দলে ফেরেন। আমেদাবাদ টেস্টে আবার চোটের কবলে পড়েন। চোটের জন্য ব্যাট করতেও পারেননি শ্রেয়স আয়ার। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শ্রেয়সকে মুম্বইয়ের অনন্ত নেনে–র কাছে পাঠানো হয়। তিনিই শ্রেয়সকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। শ্রেয়সের অস্ত্রোপচার লন্ডনে হবে, নাকি ভারতেরই কোনও হাসপাতালে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে এটা নিশ্চিত, আইপিএল তো বটেই, জুনে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলতে পারবেন না ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।
অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে শ্রেয়সের ৪–৫ মাস লেগে যাবে। তাই ভারতীয় বোর্ড দেরি করতে চায় না। কারণ অক্টোবরের শুরুতেই দেশের মাঠে একদিনের বিশ্বকাপ। মিডল অর্ডারে শ্রেয়স আয়ারকে ভারতীয় দলের দরকার। তিনি না থাকায় চার নম্বর ব্যাটিং পজিশনে ভারতীয় দল অস্বস্তিতে রয়েছে। অস্ত্রোপচার করলে শ্রেয়স আগস্টের আগে মাঠে ফিরতে পারবেন না। আগস্টে ক্যারিবিয়ান সফরেও তিনি যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদি ফিট হয়ে ওঠেন তাহলে বিশ্বকাপের আগে এশিয়া কাপেই তাঁকে দেখা যেতে পারে। চোটের জন্য ২০২১ টি২০ বিশ্বকাপেও খেলতে পারেননি শ্রেয়স।
❤ Support Us








