- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৫
মধ্যরাতে ভয়াবহ ভূমিধস, পশ্চিম সিকিমে নিহত ৪, নিখোঁজ ৩ জন
আবার প্রকৃতির রোষে সিকিম। বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম সিকিমে ভয়াবহ ভূমিধসে ৪ জনের মৃত্যু হয়েছে। আরও তিনজন নিখোঁজ রয়েছেন। ২ জন মহিলা আহত। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এবং এসএসবি কর্মীরা স্থানীয়দের সঙ্গে দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম সিকিমের ইয়াংথাং অঞ্চলের আপার রিম্বি এলাকায়। মধ্যরাতে হঠাৎ করে ভূমিধসের ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ভূমিধসের কবলে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এবং এসএসবি জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তাদের হিউম নদী পার হয়ে ঘটনাস্থলে আসতে হয়। হিউম নদী আগেই প্লাবিত ছিল।
উদ্ধারকারী দল একটা গাছের সাহায্যে অস্থায়ী সেতু তৈরি করে দুজন মহিলাকে উদ্ধার করে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এক মহিলার মৃত্যু হয়। অন্য মহিলার অবস্থা আশঙ্কাজনক। এখনও বেশ কয়েকজনের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ উদ্ধারকারী দল তাঁদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে।
গেজিংয়ের পুলিশ সুপার শেরিং শেরপা জানিয়েছেন, ‘ধস নামার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়৷ পরে হাসপাতালে নিয়ে আসা হলে আরও একজনের মৃত্যু হয়৷ ঘটনায় একজনকে উদ্ধার করা গিয়েছে৷ আপাতত স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে ৷’
ধস থেকে শুরু করে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে চলতি বছরে বর্ষায় দেশের বিভিন্ন অংশে একাধিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। প্রাণ গিয়েছে বহু মানুষের৷ বিশেষ করে উত্তারাখণ্ড, হিমাচল প্রদেশ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরসহ উত্তর ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ এবার ভয়াবহ ধসের কবলে পড়ল সিকিম ৷
❤ Support Us







