- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৮, ২০২৩
এশিয়ান ব্যাডমিন্টনে শেষ আটে সিন্ধু, প্রণয়, বিদায় শ্রীকান্তের
এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক জেতার দিতে আরও একধাপ এগিয়ে গেলেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই দুই ভারতীয় শাটলার। তবে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির জুটিও।
প্রথম রাউন্ডে যথেষ্ট লড়াই করে জিততে হয়েছিল পিভি সিন্ধুকে। এদিন চিনের ইউ হানের বিরুদ্ধে সহজেই জয় তুলে নেন সিন্ধু। খেলার ফল ২১–১২, ২১–১৫। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই কোরিয়ার আন সে ইয়ং। উল্লেখ্য, এর আগে ৫ বার আন সে ইয়ংয়ের মুখোমুখি হয়েছেন সিন্ধু। পাঁচবারই হারতে হয়েছে তাঁকে।
পুরুষদের সিঙ্গলসে অষ্টম বাছাই এইচএস প্রণয় কোয়ার্টার ফাইনালে ওঠার পথে হারিয়েছেন ইন্দোনেশিয়ার চিকো অরা ডুই ওয়ারডোয়োকে। যথেষ্ট লড়াই করে জিততে হয়েছে প্রণয়কে। ৬১ মিনিটের লড়াইয়ে প্রণয় জেতেন ২১–১৬, ৫–২১, ২১–১৮ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে জাপানের কান্তা সুনেইমা। কিদাম্বি শ্রীকান্ত ১৪–২১, ২২–২০, ৯–২১ ব্যবধানে হেরেছেন চতুর্থ বাছাই জাপানের কোদাই নারাওকার কাছে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি পুরুষদের ডাবলসে হারিয়েছে কোরিয়ার জিন ইয়ং ও না সুং সিউং জুটিকে। কোয়ার্টার ফাইনালে চিরাগদের সামনে তৃতীয় বাছাই ইন্দোনেশিয়ার মহম্মদ আহসান ও হেন্ড্রা সেতিয়াওয়ানের জুটি। মিক্সড ডাবলসের শেষ আটে পৌঁছেছে রোহন কাপুর ও সিক্কি রেড্ডি জুটি।
মহিলাদের ডাবলসে চোটের কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে সরে দাঁড়ায় তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি। মিক্সড ডাবলসে হেরেছে বি সুমিত রেড্ডি ও অশ্বিনী পোন্নাপ্পা জুটি।
❤ Support Us







