- দে । শ
- সেপ্টেম্বর ১৮, ২০২৫
অমৃত ভারত প্রকল্পে মন্থর গতি কাটোয়ায়, প্রশ্নের মুখে রেলের ডিআরএম
পূর্ব রেলের কাটোয়া ও কালনা রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ হচ্ছে অমৃত ভারত প্রকল্পে। স্টেশন দুটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হলেও এখনও অর্ধেক কাজই হয়নি বলে অভিযোগ উঠেছে। কাজের মন্থর গতি নিয়েও প্রশ্ন উঠেছে। কালনা স্টেশনের ‘অমৃত ভারত প্রকল্পে’র কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে সেই শ্লথ গতির কথা কার্যত স্বীকার করে নিলেন ডিআরএম বিশাল কুমার। তবে মন্থর গতির কারণ হিসাবে খারাপ আবহাওয়াকেই কাঠগড়ায় তোলেন রেলের এই শীর্ষকর্তা। কাটোয়া—আহমেদপুর শাখায় বাড়তি অন্তত এক জোড়া ট্রেনের দাবি নিয়ে ডিআরএমকে স্মারকলিপি দিল যাত্রী সংগঠন। সেইসঙ্গে কাটোয়া শহর ঢোকার মূল পথটির উপর দীর্ঘদিনের উড়াল পুলের দাবিটিও ফের উঠল। বিশাল কুমার বলেন, ‘সবদিক খতিয়ে দেখে দাবি দুটি পূরণের ব্যাপারে পরিকল্পনা করা হবে।’
ঐতিহ্যের প্রাচীন শহর কাটোয়া ও কালনা। তাই পর্যটকদের কাছে এই ২ রেলস্টেশনের আলাদা গুরুত্ব রয়েছে। তাই স্টেশন দুটির আধুনিকীকরণের কাজের এই ধীর গতিকে কেন্দ্রীয় সরকারের ‘অবহেলা’ বলে মন্তব্য এই দুই মহকুমার বহু বাসিন্দা থেকে বহু জনপ্রতিনিধির। ‘অমৃত ভারত’ প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসে ডিআরএমের দাবি, ‘এখানে জলস্তরের জন্য কাজ করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাটি খুঁড়তেই জল বেরিয়ে পড়ছে।’ এছাড়াও টানা বৃষ্টির জেরে এই কাজ মন্থর গতিতে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। আরও দাবি, ‘আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে কাজের পূর্ণাঙ্গ রূপ চোখে পড়বে।’ অন্যদিকে কালনা স্টেশনের অ্যাপ্রোচ রোডের বেহাল অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সমস্যার সমাধানেও কাজ শুরু হয়েছে। শীঘ্রই সমস্ত কিছু মেরামত করা হবে।’
❤ Support Us






