- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৪, ২০২৫
ওয়াংচুকের গ্রেফতারি, সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস আবেদন দায়ের স্ত্রীর
লাদাখে সহিংস প্রতিবাদের পর চারজন নিহত হন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজকর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে তাঁর স্ত্রী সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস (Habeas Corpus) আবেদন দায়ের করেছেন।
সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আবেদনকারী গীতাঞ্জলি জে. আংমো ২ অক্টোবর সন্ধ্যায় তাঁর এই আবেদন দায়ের করেন।
এক্স (প্রাক্তন টুইটার)-এ এক পোস্টে তিনি লেখেন, “আমি সোনম ওয়াংচুকের গ্রেফতারির বিরুদ্ধে SUPREME COURT OF INDIA-তে একটি HABEAS CORPUS আবেদন করেছি। আজ এক সপ্তাহ হয়ে গেল। এখনও পর্যন্ত ওয়াংচুকের স্বাস্থ্যের অবস্থা, তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন — এসব সম্পর্কে কোনও তথ্য নেই।”
বর্তমানে আদালত দশেরা ছুটিতে রয়েছে এবং আগামী ৬ অক্টোবর আদালত খোলার কথা, যেদিন তাঁর আইনজীবীরা জরুরি শুনানির আবেদন করতে পারেন।
সোনম ওয়াংচুককে ২৬ সেপ্টেম্বর NSA-র আওতায় আটক করা হয়, অভিযোগ ছিল তিনি লাদাখে রাজ্য মর্যাদার দাবিতে হওয়া আন্দোলনে উস্কানি দিয়েছেন। এই আন্দোলন ২৪ সেপ্টেম্বর লেহ-তে পুলিশ গুলিতে চারজনের মৃত্যু ও ৫০ জন আহত হওয়ার ঘটনায় রূপ নেয়।
কী এই জাতীয় নিরাপত্তা আইন, ১৯৮০ (NSA) :
এই আইন কেন্দ্র ও রাজ্য সরকারকে এমন ব্যক্তিদের আটক রাখার ক্ষমতা দেয়, যাদের কর্মকাণ্ড ভারতের প্রতিরক্ষা, বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক, দেশের নিরাপত্তা বা জনশৃঙ্খলা রক্ষা বা জরুরি পণ্যের সরবরাহে হুমকি সৃষ্টি করতে পারে। এই আইন অনুসারে, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনাররাও নির্দিষ্ট অনুমতি পেলে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
ফৌজদারি আইনের অধীনে সাধারণ গ্রেপ্তারের সঙ্গে NSA-এর পার্থক্য হল—এটি প্রতিরোধমূলক (preventive) ব্যবস্থা, শাস্তিমূলক (punitive) নয়। এর উদ্দেশ্য হলো কোনও ব্যক্তিকে এমন কিছু করা থেকে বিরত রাখা যা ক্ষতিকর হতে পারে।
ওয়াংচুকের গ্রেপ্তারের পর, লাদাখ নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় থাকা দুটি সংগঠন—অ্যাপেক্স বডি, লেহ এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA)—আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে আসে। তারা দাবি করে, সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তবে লাদাখ প্রশাসন ওয়াংচুকের বিরুদ্ধে “রাজনৈতিক ষড়যন্ত্র” বা “ভিত্তিহীন অভিযান”-এর অভিযোগ খারিজ করে দিয়েছে।
কেন্দ্র সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, “সরকার সব সময় লাদাখ বিষয় নিয়ে অ্যাপেক্স বডি লেহ (ABL) এবং কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA)-এর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। আমরা হাই পাওয়ার কমিটি (HPC) বা অন্য যে কোনও প্ল্যাটফর্মে তাঁদের সঙ্গে আলোচনাকে স্বাগত জানাই।”
❤ Support Us







