- প্রচ্ছদ রচনা
- জুলাই ১৪, ২০২২
ন্যাটওয়েস্ট জয়ের ২০ বছর পূর্তি: সৌরভকে অনন্য সম্মান ব্রিটিশ পার্লামেন্টের ।
৮ জুলাই পঞ্চাশে পা দিয়েছেন বিসিসিআই সভাপতি। এই মুহূর্তে তিনি পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে রয়েছেন নিজের ‘সেকেন্ড হোম’ লন্ডনে।ব্রিটিশভূমে ইংরেজদের দর্পচূর্ণ করে বাঙালির দাদাগিরি দেখিয়ে ছিলেন এক বাঁ-হাতি। ঘটনাচক্রে ১৩ জুলাই ঐতিহাসিক ন্যাটওয়েস্ট জয়ের ২০ বছর পূর্তিতে সৌরভকে সম্মানিত করল ব্রিটিশ পার্লামেন্টে। ‘বাংলার গর্ব’ হিসাবেই সৌরভকে কুর্নিশ জানিয়েছে ব্রিটিশ সাংসদ। সৌরভ ঘনিষ্ঠ ও স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত সৌরভের সঙ্গেই রয়েছেন লন্ডনে। তিনিই ফেসবুকে সৌরভের জীবনের এই বিশেষ প্রাপ্তির মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
এই সম্মান পাওয়ার প্রসঙ্গে সৌরভ সংবাদ সংস্থা-কে জানিয়েছেন, ‘আমাকে ব্রিটিশ পার্লামেন্ট সংবর্ধনা দিয়েছে। বাঙালি হিসাবে এই সম্মান পেয়ে ভাল লাগছে। আমার সঙ্গে ছ’মাস আগে ওরা যোগাযোগ করেছিল এই পুরস্কার দেওয়ার জন্য। ওরা প্রতি বছর এই সম্মান দেয়। এবার আমাকে বেছে নিয়েছে।’ ন্যাটওয়েস্ট জয়ের প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘আমি ইনস্টাগ্রামে দেখলাম যে, ২০ বছর আগে আজকের তারিখেই ন্যাটওয়েস্ট জিতেছিলাম। দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর চেয়ে ভাল কিছু হতে পারে না। অসাধারণ মুহূর্ত। সাম্প্রতিক ভারতীয় দল এই খেলাটা খেলছে এখন। ভারত টি-২০ সিরিজ জিতল। ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে।’
ন্যাটওয়েস্ট জয় ভারতীয় ক্রিকেটের মোড় ঘুরিয়ে গিয়েছিল। সেই সময় ৩২৬ রান তাড়া করে জেতা ছিল কার্যত অলীক স্বপ্ন। কিন্তু নাসের হুসেনেরে টিমের বিরুদ্ধে সেই অসাধ্য সাধন করেছিল সৌরভের ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। মার্কাস ট্রেসকথিকের ১০৯ ও ইংল্যান্ডের অধিনায়কের ১১৫ রানের সৌজন্যে ৩২৫ রান তুলেছিল সাহেবরা। যদিও খেলা সেখানেই শেষ হয়ে যায়নি। প্রথম উইকেটে ১০৬ রান যোগ করেন সৌরভ ও বীরেন্দ্র শেহওয়াগ। এরপর মিডল অর্ডারে ভাঙন ধরলেও, চাপের মুখে চুপসে যাননি দুই তরুণ যুবরাজ সিং ও মহম্মদ কাইফ। তাঁদের দাঁত দাঁতে চাপা লড়াই এনে দিয়েছিল দুই উইকেটে ঐতিহাসিক জয়। এরপর আর ভারতকে পিছন ফিরে তাকাতে হয়নি।
নিজের সম্মান পাওয়া নিয়ে সৌরভ যেমন উচ্ছ্বসিত। তেমনই খুশি ইংল্যান্ডের মাটিতে রোহিতদের পারফরম্যান্স দেখে। বিশেষ করে প্রথম ওয়ানডে ম্যাচে যেভাবে ভারতীয় পেসাররা বল করেছেন, তাতে খুশি বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি বলছেন, এখনও পর্যন্ত সবকিছু দুর্দান্ত হচ্ছে। শামি এবং বুমরাহ অনবদ্য বোলিং করেছে। শুধু তাই নয় বিনা উইকেটে ১১০ রান তোলা মানে, ভাল ব্যাটিংও করেছে ভারতীয়রা।
❤ Support Us








