Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৩, ২০২২

বিতর্কের ভয়?‌ লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে সরে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর ইডেনে একটা চ্যারিটি ম্যাচ দিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগের উদ্বোধন হওয়ার কথা। ওই চ্যারিটি ম্যাচে অংশ নেবে ইন্ডিয়া মহারাজাস এবং ইওয়িন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস

আরম্ভ ওয়েব ডেস্ক
বিতর্কের ভয়?‌ লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে সরে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি

আবার ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে ‘‌দাদা’‌কে। অপেক্ষার প্রহর গুনছিলেন সৌরভ ভক্তরা। তাঁদের নিরাশ হতে হচ্ছে। প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত লেজেন্ডস ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর ইডেনে একটা চ্যারিটি ম্যাচ দিয়ে লেজেন্ডস ক্রিকেট লিগের উদ্বোধন হওয়ার কথা। ওই চ্যারিটি ম্যাচে অংশ নেবে ইন্ডিয়া মহারাজাস এবং ইওয়িন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস। ইন্ডিয়া মহারাজাস দলের অধিনায়ক করা হয় সৌরভ গাঙ্গুলিকে। ব্যক্তিগত কারন দেখিয়ে সৌরভ ওই চ্যারিটি ম্যাচে না নামার সিদ্ধান্ত নিয়েছেন।

কেন সৌরভ সরে দাঁড়ালেন, তা অবশ্য স্পষ্ট নয়। সৌরভ নিজে এই ব্যাপারে মুখ খোলেননি। এমনকী টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। বাল্যবন্ধু সঞ্জয় দাসের অনুরোধেই সৌরভ ওই চ্যারিটি ম্যাচে খেলতে রাজি হয়েছিলেন। কদিন আগে সৌরব সোশ্যাল মিডিয়ায় জিমে অনুশীলন করার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‌লেজেন্ডস লিগ ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি।’‌ কদিন আগে, কলকাতায় এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, দিন দুয়েক ব্যাটিং প্র্যাকটিস করেই মাঠে নামবেন।
বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লাকেও সৌরভ বলেছিলেন, প্রয়োজনে বাংলা দলের অনুশীলনে নেমেও ওই চ্যারিটি ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করবেন। সৌরভ খেলার কথা বলায় ইন্ডিয়া মহারাজাস এবং ওয়ার্ল্ড জায়ান্টস চ্যারিটি ম্যাচ নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে উঠেছিল। তিনি সরে দাঁড়ানোয় ওই ম্যাচ ঘিরে আগ্রহ তলানিতে ঠেকবে। আয়োজকরা এখনও মরিয়া চেষ্টা চালাচ্ছেন সৌরভকে রাজি করানোর। যদিও নিজের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত এখনও সৌরভের দিক থেকে নেই। বোর্ড প্রেসিডেন্টের পদে থাকাকালীন এই ম্যাচ খেললে বিতর্ক হতে পারে, সেকথা ভেবেই হয়তো সৌরভ সরে দাঁড়িয়েছেন।


❤ Support Us
error: Content is protected !!