- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৮, ২০২৫
মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার সাময়িক পদচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইওল । সিওল জুড়ে মিশ্র প্রতিক্রিয়া
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত রাষ্ট্রপতির মুক্তির খবর পেয়ে শুক্রবার থেকেই সিউলে প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়েছেন তাঁর সমর্থকরা। চলছে মিছিল, সাংবিধানিক আদালতের সামনে বিরোধীরের জমায়েত। শহরজুড়ে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও সেনা।
দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক আঙিনায় নাটকীয়তা অব্যাহত রয়েছে। সাময়িক পদচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইও বর্তমানে আইনি লড়াই লড়ছেন। সম্প্রতি, আদালত তাঁর কারাবাসের আদেশ বাতিল করেছে। শনিবার, ৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে, তাঁর বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগ এখনো বহাল রয়েছে। যার ফলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন। এই ঘটনায় দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে দেশবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। জানুয়ারিতে তাকে গ্রেফতার করেছিল সেদেশের সামরিক বাহিনী।
ইউনের মুক্তির সময় তাঁর সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। তাঁরা দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা নাড়িয়ে তাঁকে স্বাগত জানান। ইউন গাড়ি থেকে নেমে হাত নেড়ে, মুষ্টিবদ্ধ করে ও মাথা নত করে সমর্থকদের অভিবাদন জানান। মুক্তির পর ইউন বলেন, ‘আদালত অন্যায়ের সংশোধন করেছে। আমি তাদের সাহস ও ন্যায়ের প্রতি প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’ তাঁর আইনজীবীরা আদালতের রায়কে ‘আইনের শাসন পুনরুদ্ধারের যাত্রার সূচনা’ বলে বর্ণনা করেছেন। গত ৩ ডিসেম্বর, প্রেসিডেন্ট ইউন দেশে সামরিক আইন জারির চেষ্টা করেন। তিনি দাবি করেছিলেন, রাষ্ট্রবিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই পদক্ষেপ জরুরি। তাঁর এই সিদ্ধান্ত সে দেশের পার্লামেন্ট বাতিল করে দেয়। ইউনের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনা হয়। দীর্ঘ নাটকীয় পরিস্থিতির পর ১৫ জানুয়ারি তাঁকে আটক করতে সমর্থ হয় সে দেশের দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। ইউনের পক্ষে আইনজীবীরা, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। আদালতে মামলা দায়ের হয়। অবশেষে শুক্রবার, সিওল সেন্ট্রাল জেলা আদালত তাঁর আটকাদেশ বাতিল করে। আদালত পর্যবেক্ষণে জানায় যে, ইউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সময় আর তদন্তের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রসিকিউটররা আইনি সময়সীমা শেষ হওয়ার পর তাঁকে অভিযুক্ত করেছে। এছাড়াও, তদন্ত কর্মকর্তারা আটকাদেশের মেয়াদ অবৈধভাবে বাড়িয়ে নিয়ে চলেছে, যা দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী বৈধ নয়। এইসব কারণ দেখিয়ে আদালত ইউনের মুক্তির আদেশ দেয়।
প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাঁরা এই রায়ের বিরুদ্ধে আইনজীবিদের পুনরায় আপিল করবার দাবি তুলেছেন। ইউনকে দ্রুত রাষ্ট্রপতি পদ থেকে চিরকালের জন্য অপসারণের দাবি জানিয়েছেন। কোরিয়ার সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সে দেশের ৬০% মানুষ চান ইউনকে অপসারণ করা হোক, আর ৩৫% চান তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ফিরুন। জনমতের উপর ভিত্তি করেই তির শানাচ্ছে বিরোধীরা।
সাময়িক মুক্তি পেলেও ‘প্রেসিডেন্ট’ ইউনের ভাগ্য নির্ধারিত হবে সাংবিধানিক আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমে। যদি আদালত অভিশংসন বহাল রাখে, তাহলে ইউনকে চূড়ান্তভাবে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তারপর ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি অভিশংসন বাতিল হয়, তাহলে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ফিরতে পারেন, যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগের বিচার চলতে থাকবে। শিগগির সাংবিধানিক আদালতে তাকে অভিশংসন করার বিষয়টি নিয়ে শুনানি হবে। এই শুনানিতেই নির্ধারণ হবে তার অপসারণ বৈধতা পাবে কি না।
দক্ষিণ কোরিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিত দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আশঙ্কা ও উদ্বেগের। দক্ষিণ কোরিয়ার রাজনীতি এখন এমন এক সময়ের মধ্য দিয়ে দিয়ে যাচ্ছে, যা পুরো দেশের ভবিষ্যত নির্ধারণ করবে। শনিবার, ইউনের সমর্থনে প্রায় ৫০,০০০ সমর্থক সিওলের বিভিন্ন স্থানে র্যালি করেছেন। অন্যদিকে, কয়েক হাজার মানুষ সাংবিধানিক আদালতের সামনে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। ইউনই দক্ষিণ কোরিয়ার প্রথম রাষ্ট্রপতি, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় গ্রেফতার হন।
❤ Support Us








