- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৮, ২০২৫
অক্টোবরের মাঝামাঝি থেকেই বাংলায় শুরু ‘এসআইআর’! জল্পনা উসকে বৈঠক কমিশনের
বঙ্গে ভোটের দামামা এখনো বাজেনি। কিন্তু প্রেক্ষাপট সাজিয়ে ফেলছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি নিতে রাজ্যে হাজির কমিশনের বিশেষ প্রতিনিধিদল। সূত্রের খবর, বুধবার দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠকে উঠে এসেছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত— ১৫ অক্টোবরের পরেই শুরু হতে পারে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বা ‘এসআইআর’।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে সঙ্গে নিয়ে বুধবার দুপুরে ভিডিয়ো কনফারেন্স করেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, নির্বাচনী আধিকারিকেরা। সূত্র বলছে, প্রতিটি জেলার ‘এসআইআর’ প্রস্তুতি সম্পর্কে খুঁটিয়ে জানতে চেয়েছেন দিল্লি থেকে আসা আধিকারিকেরা। বিজ্ঞপ্তি জারির পরে ৩-৪ দিনের মধ্যে কমপক্ষে ২০ শতাংশ এনুমারেশন ফর্ম ছাপানো সম্ভব কি না, সে প্রশ্নও তোলা হয়। কমিশনের পরামর্শ, বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ফর্ম ছাপার প্রক্রিয়া শুরু করে দিতে হবে।
বৈঠকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বিহারের উদাহরণ। সেখানে সময় মতো প্রস্তুতি না থাকায় কয়েকটি জেলায় অনিয়ম ধরা পড়ে। শাস্তি পেতে হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। বাংলার ক্ষেত্রে এমন পরিস্থিতি এড়াতে আগেভাগে ব্যবস্থা নিতে চাইছে কমিশন। তবে সবচেয়ে বড়ো ইঙ্গিত, বারবার বৈঠকে ১১ থেকে ১৫ অক্টোবরের সময়সীমার উল্লেখ। প্রশাসনিক মহলের ধারণা, এই সময়ের পরেই রাজ্যে শুরু হতে পারে ‘এসআইআর’ প্রক্রিয়া। অর্থাৎ, ১৫ অক্টোবরের পরে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার লক্ষ্যে এগোচ্ছে কমিশন। বৈঠক মিটতেই কমিশনের দল পৌঁছায় রাজারহাট-গোপালপুরে। সেখানে বুথ লেভেল অফিসার এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার-দের সঙ্গে কথা বলেন তাঁরা। সূত্রের খবর, ওই এলাকার ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে বিতর্ক। নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে যথাযথ যাচাই হয়নি, এ অভিযোগ উঠেছে কমিশনের অন্দরেই। রাজারহাটের পরে প্রতিনিধি দল যাবে বারাসতে। বড় জেলা উত্তর ২৪ পরগনার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখা হবে সেখানে। একাধিক বিধানসভা এবং লোকসভা কেন্দ্র থাকার কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে ওই এলাকা।
আগামী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামের আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে কোলাঘাটে। সূত্রের খবর, ওই জেলাগুলিতে বিএলও নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। সরকারি কর্মী নন, এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার অভিযোগও এসেছে কমিশনের কাছে। সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি এখনো অনেকটা বাকি। কিন্তু কমিশনের তৎপরতায় জোর জল্পনা, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে অক্টোবরের দ্বিতীয়ার্ধেই।
❤ Support Us







