- দে । শ
- মে ১৫, ২০২৩
সুনীল কৌশলে পরাস্ত পদ্ম, কর্নাটক জয়ের পর হাত শিবিরে গুরুত্ব বাড়ছে কানুগোলুর
কর্নাটক বিধানসভা নির্বাচনে ১৩৬টি আসনে কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পরে জয়ের নেপথ্যে ভোটকুশলী সুনীল কানুগোলুর নাম এখন চর্চিত। ৪১ বছরের কানুগোলু বর্তমানে কংগ্রেসের একজন সদস্যও। দেখে নেওয়া যাক, সুনীল কানুগোলুর সম্পর্কে। প্রসঙ্গত, এর আগে বিজেপি, ডিএমকে এবং এআইএডিএমকে-র হয়ে ভোটকুশলী হিসেবে কাজ করেছেন সুনীল।
গত বছরে কংগ্রেসে যোগ দেন সুনীল কানুগোলু। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে আলোচনার পরে কংগ্রেসে যোগ দেন তিনি। এরপর কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ে তাঁর কৌশল কাজে লেগে গেল।
ভোটকুশলী সুনীল কানুগোলুর সঙ্গে কংগ্রেসের প্রথম সারির নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক নির্বাচনী প্রচার জোরদার করতে বা নির্বাচনী কৌশল সাজাতে বিশেষভাবেই কাজে লেগেছে। যেমন, কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা থেকে কেসি ভেনুগোপাল কিংবা ডিকে শিবকুমারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক কংগ্রেসের হয়ে প্রচার চালাতে বিশেষভাবে কার্যকরী হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কংগ্রেসের এক মুখপাত্রের কথায়, অনেকসময়ে দেখা গিয়েছে, ভোটকুশলীদের কার্যকারিতা সম্পর্কে দলীয় নেতৃত্বের হতাশা। কিন্তু সুনীল কানুগোলুর ক্ষেত্রে এই আশঙ্কা অমূলক প্রমাণিত হয়েছে।
কর্নাটকের ভোটপ্রচারে কোন কৌশল অবলম্বন করেছিলেন সুনীল কানুগোলু? কর্নাটক বিধানসভা নির্বাচনে জোরদার ‘পেসিএম’ প্রচার কানুগোলুর মস্তিষ্কপ্রসূত। জানা গিয়েছে, কর্নাটকের প্রাক্তন বিজেপি সরকারের বিরুদ্ধে ছক সাজাতে সুনীল কানুগোলু ব্যাপকভাবে ক্ষেত্র সমীক্ষার কাজ চালিয়েছেন। সাধারণ ভোটারদের মনোভাব খতিয়ে দেখে পরিস্থিতি বিশ্লেষণের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এভাবে কংগ্রেসের পক্ষে জনসংযোগ তৈরির কাজটি করা হয়েছে।
আরও জানা গিয়েছে, একবছর আগে কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই কানুগোলু কর্নাটক বিধানসভা নির্বাচনের ছক সাজানোর কাজ শুরু করেন সুনীল কানুগোলু এবং তাঁর দলবল। এরপর নির্বাচন যত এগিয়ে এসেছে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে প্রত্যেক কংগ্রেস প্রার্থীর হয়ে ক্ষেত্রসমীক্ষার কাজে।
এর আগে ২০১৮ সালে কর্নাটক বিধানসভার নির্বাচনে সুনীল কানুগোলু বিজেপির হয়ে প্রচার চালান। এর জেরে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দলের শিরোপা ছিনিয়ে নেয়। এছাড়া ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ছক সাজিয়েছিলেন কানুগোলু।
জানা গিয়েছে, সুনীল কোনুগোলু কেরিয়ার শুরু করেন ম্যাককিনসের হয়ে। এরপর এবিএম বা অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস নামে একটি সংস্থা নেতৃত্ব দেন ভোটকুশলী হিসেবে। এরপর ভোটকুশলী হিসেবে নিজের সংস্থার কাজ শুরু করেন।
❤ Support Us







