- দে । শ
- জানুয়ারি ৮, ২০২৫
সচেতনতায় মাঠে খুদে পড়ুয়ারা পথ দুর্ঘটনায় দেড় মাসে ৯ জনের মৃত্যু, কারণ খুঁজল পুলিশ, তৈরি হল পরিকল্পনা
পথ দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে একের পর এক। তিন দিন আগে এসটিকেকে রোডে পূর্বস্থলী ১নং ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের তুলসীডাঙায় মৃত্যু হয় ৩ বাইক আরোহীর। কারও মাথায় হেলমেট ছিল না। ৩১ অক্টোবর কালীপুজোর রাতে নসরৎপুর পঞ্চায়েতের গৌরাঙ্গপাড়ায় দুর্ঘটনায় বাইক উল্টে একসঙ্গে ৪ পড়ুয়ার মৃত্যু। কিছুদিন পর ১৬ নভেম্বর রাস উৎসবের রাতে স্কুটি উল্টে মৃত্যু ২ যুবকের। দেড় মাসের মধ্যে সবমিলিয়ে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। সবক্ষেত্রেই ‘ঘাতক’ পূর্বস্থলী ১নং ব্লকের এসটিকেকে রোড। মৃত্যুর কারণ বিধিকে বুড়ো আঙুল আর পথ সচেতনতার অভাব। এলাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে মাঠে নেমেছে পূর্বস্থলীর জাহাননগর জিএসএফটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা। স্কুলের প্রধানশিক্ষক অমলেশ বিশ্বাসের নেতৃত্বে চলে অভিযান। হেলমেট পরা বাইক চালকদের সবুজ কার্ড ও হেলমেটহীনদের লাল কার্ড দেওয়ার পাশাপাশি সচেতন করা হয়। চতুর্থ শ্রেণীর ৪২ জন ছাত্রছাত্রী এদিন পড়ুয়াদের সচেতনতার পাঠ দেয়। স্কুলের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে পদযাত্রা ও পথসভা করা হয়। প্রধানশিক্ষক বলেন, ‘স্কুলের ছোট ছোট পড়ুয়াদের কথা পথচারীরা শুনবেন বলে আমাদের ধারণা। তাই এই কর্মসূচি।’
এর আগে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনাস্থল পরিদর্শন ও দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এসটিকেকে রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি একদিকে চলে গেছে কাটোয়া। অন্যদিকে ত্রিবেণী। আবার হেমায়েতপুর মোড় থেকে একটি শাখা নবদ্বীপ, কৃষ্ণনগর হয়ে উত্তরবঙ্গ চলে গিয়েছে। এলাকাটি উত্তরবঙ্গের ‘করিডর’ হিসেবে পরিচিত।
দুর্ঘটনাগুলির কতগুলি কারণ পুলিশ চিহ্নিত করেছে। বাইকের লাগামছাড়া গতি, হেলমেট না পরা, মদ্যপ অবস্থায় বাইক চালানো, রাস্তায় আলোহীন বিপজ্জনক বাঁক প্রভৃতি। জানা গেল, দুর্ঘটনা রুখতে জেলা পূর্ত দপ্তর ও পরিবহণ দপ্তর যৌথভাবে অ্যাকশন প্ল্যান তৈরি করছে। জানা গেল, গুরুত্বপূর্ণ হেমায়েতপুর-সহ তিন মাথার মোড়-সহ এসটিকেকে রোড আরও চওড়া করা হবে। ট্রাফিক সিগন্যাল, রিফ্লেক্টর, বাম্পার, ডিভাইডার তৈরি হবে। বসানো হবে ক্যামেরা। সেইসঙ্গে পথ নিরাপত্তা জোরদার করতে ব্যাপক প্রচার চালানো হবে।
❤ Support Us







