Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ৯, ২০২৩

ছবির প্রদর্শন নিয়ে ভিন্নমত শুভার

আরম্ভ ওয়েব ডেস্ক
ছবির প্রদর্শন নিয়ে ভিন্নমত শুভার

পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় প্রকাশ্যে এসেছে মমতা ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্নর দ্বিমত। শুভাপ্রসন্ন মমতার এই ঘোষণার পর বলেছেন,  দ্য কেরালা স্টোরি ছবিটি নিষিদ্ধ করা ঠিক হয়নি। শুভাপ্রসন্নর এই মন্তব্যের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে আবার নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। কেননা মমতার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিজেপি ও বামেরা।

নবান্ন থেকে সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে দ্য কেরালা স্টোরি সিনেমাটি পশ্চিমবঙ্গে প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন শিল্পী ও চলচ্চিত্রকারেরা। বিজেপি তো বটেই বামেদের তরফেও ছবিটি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করা হয়। এই প্রসঙ্গে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য বলেন, “এই সিদ্ধান্ত কোনও রাজনৈতিক সুবিধা দেবে না। বরং নিষিদ্ধ করে ছবিটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া হল।” ঠিক একই ভাবে মুখ্যমন্ত্রীর এই সিনেমাটি নিষিদ্ধ করা নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন,”মুখ্যমন্ত্রী এই সিনেমাটা নিষিদ্ধ করে ভালোই করেছেন। এর ফলে মানুষের মধ্যে এই সিনেমা দেখার আগ্রহ আরও বাড়বে।”

এর আগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এর আগে শুভাপ্রসন্নর সঙ্গে মুখ্যমন্ত্রীর মতবিরোধের সূত্রপাত। আন্তর্জাতিক ভাষা দিবসে কলকাতার দেশপ্রিয় পার্কে এক অনুষ্ঠানে শিল্পী শুভাপ্রসন্ন বাংলা ভাষায় আরবি ও অন্যান্য ভাষার অনুপ্রবেশ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। বলেছিলেন, “পানি বা দাওয়াতের মতো শব্দগুলি বাংলা ভাষায় ঢুকবে কেন?” ওই অনুষ্ঠানেই তার পর বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জলকে কেউ ওয়াটার বলেন। কেউ পানি বলেন। এটা তো আপনাকে মেনে নিতেই হবে। মাকে কেউ কেউ আম্মা বলেন। এটাও মানতে হবে। ল্যাঙ্গুয়েজ মিনস কমিউনেশন।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেও নিজের অবস্থান থেকে সরেননি শুভাপ্রসন্ন। এর পর তিনি এক সাক্ষাৎকারে বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ঢাকা-শান্তিপুরের ভাষা মিলেই কলকাতার ভাষা। এই কলকাতার যে ভাষার প্রকাশ সেটাই আসল বাংলা ভাষার প্রকাশভঙ্গি। আমি শুনেছি, অনেকে এখন বলেন কলকাতা অতীত এবং ঢাকা ভবিষ্যত। বাংলাদেশের লোকেরা জলকে পানি বলেন। আমরা সেটা বলি না। আমরা কারওকে আমন্ত্রণ জানালে দাওয়াত বলি না। আমরা গোসল করতে যাই না।”  সঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে এই কথা বলতে বাধ্য হয়েছেন।”

শুভাপ্রসন্নের এই মন্তব্যের পর তেড়েফুঁড়ে ওঠেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমাদের দলের কারও সঙ্গে ওঁর কথা বলা উচিত। ওঁর কোনও জমি বা পদ লাগবে কিনা জানানো উচিত। তাহলেই সব ঝামেলা মিটে যায়।”  এবার আবার দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভাপ্রসন্নর বিরোধ সামনে এলো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!