Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৫, ২০২৩

হ্যারি ব্রুকের দুরন্ত সেঞ্চুরিতে সানরাইজার্সের কাছে হার নাইট রাইডার্সের

আরম্ভ ওয়েব ডেস্ক
হ্যারি ব্রুকের দুরন্ত সেঞ্চুরিতে সানরাইজার্সের কাছে হার নাইট রাইডার্সের

আগের ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে ঝড় তুলে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। এদিনও চিত্রনাট্য তৈরি ছিল। কিন্তু জ্বলে উঠতে পারলেন না। দুর্দান্ত ব্যাট করেও দলকে জেতাতে ব্যর্থ। ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হল ৩১ রানে। সানরাইজার্স হায়দরাবাদের জয়ের নায়ক হ্যারি ব্রুক। দুরন্ত সেঞ্চুরির করে দলের জয় এনে দিলেন। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ২০৫/‌৭ রান তোলে নাইট রাইডার্স।

এদিন টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানা। শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠেন হ্যারি ব্রুক। প্রথম ওভারেই ওঠে ১৪। লকি ফার্গুসনের দ্বিতীয় ওভারেও ওঠে ১৪। তৃতীয় ওভারে উমেশ যাদব দেন ১৫। চতুর্থ ওভারে সুনীল নারাইনকে আক্রমণে নিয়ে আসেন নীতীশ রানা। সুনীল নারাইন নিজের প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। পরের ওভারে আন্দ্রে রাসেলের হাতে বল তুলে দেন নীতীশ। প্রথম বলেই সাফল্য। তুলে নেন মায়াঙ্ক আগরওয়ালকে (‌১৩ বলে ৯)‌। ওভারের শেষ বলে রাহুল ত্রিপাঠিকে (‌৯)‌ তুলে নেন রাসেল। ৫৭ রানে ২ উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ।
এইডেন মার্করাম ক্রিজে নেমেই ঝড় তোলেন। রীতিমতো তান্ডব চালিয়ে ২৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। মার্করাম (‌২৬ বলে ৫০)‌ ফিরে যাওয়ার পর সানরাইজার্সকে এগিয়ে নিয়ে যান হ্যারি ব্রুক। এদিন দুর্দান্ত ব্যাটিং করেন সানরাইজার্সের এই ইংরেজ ওপেনার। ফার্গুসনের ওপর সবথেকে বেশি নির্দয় ছিলেন ব্রুক। ফার্গুসনের দ্বিতীয় ওভারে ২৩ রান নেন তিনি। ১৮ ওভারে ২০০ রানে পৌঁছে যায় সানরাইজার্স। ১৭ বলে ৩২ রান করে আউট হন অভিষেক শর্মা। ৫৫ বলে ১০০ রান পূর্ণ করেন হ্যারি ব্রুক।

জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নাইট রাইডার্স। তৃতীয় বলেই রহমানুল্লা গুরবাজকে (‌০)‌ তুলে নেন ভুবনেশ্বর কুমার। চতুর্থ ওভারে পরপর ২ বলে ভেঙ্কটেশ আয়ার (‌১০)‌ ও সুনীল নারাইনকে (‌০)‌ তুলে নিয়ে নাইট রাইডার্সকে চাপে ফেলে দেন মার্কো জানসেন। এরপর দলকে টেনে নিয়ে যান এন জগদীশন ও অধিনায়ক নীতীশ রানা। জুটিতে ওঠে ৬২ রান। নবম ওভারে জুটি ভাঙেন মায়াঙ্ক মার্কান্ডে। তুলে নেন জগদীশনকে (‌২১ বলে ৩৬)‌। ব্যাট হাতে আবার ব্যর্থ আন্দ্রে রাসেল। ৬ বলে মাত্র ৩ রান করে তিনিও মার্কান্ডের বলে আউট হন। ৯৬ রানে ৫ উইকেট হারায় নাইট রাইডার্স।

এরপর নাইট রাইডার্সকে টেনে নিয়ে যান নীতীশ রানা ও রিঙ্কু সিং। দুজনের জুটিতে ওঠে ৬৯ রান। ৪১ বলে ৭৫ রান করে নটরাজনের বলে আউট হন নীতীশ রানা। নীতীশ রানা আউট হওয়ার সঙ্গে সঙ্গে নাইট রাইডার্সের যাবতীয় সম্ভাবনাও শেষ হয়ে যায়। ২৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রিঙ্কু। ৭ বলে ১২ রান করে আউট হন শার্দূল ঠাকুর। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান তোলে নাইট রাইডার্স। ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। সানরাইজার্সের জানসেন ও মার্কান্ডে ২টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!