Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩১, ২০২২

দুর্নীতির অভিযোগ প্রত্যাহার, স্বস্তিতে নেইমার। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নামছেন মাঠে

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্নীতির অভিযোগ প্রত্যাহার, স্বস্তিতে নেইমার। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নামছেন মাঠে

একরাশ স্বস্তি নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে যেতে পারবেন ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র। তাঁর বিরুদ্ধে সমস্ত প্রতারণা ও দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন স্পেনের আইনজীবীরা। অভিযোগ তুলে নেওয়ায় বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মানসিক স্বস্তি নিয়ে মাঠে নামতে পারবেন নেইমার।

২০১৩ সালে ব্রাজিলের স্যান্টোস থেকে স্পেনের বার্সিলোনায় যোগ দেন নেইমার। তিনি স্যান্টোসে থাকাকালীন তাঁর ৪০ শতাংশ স্বত্বের মালিকানা ছিল ডিআইএস নামে এক সংস্থার। বার্সিলোনায় যোগ দেওয়ার সময় নেইমার ও বার্সিলোনা দলবদলের চুক্তির অর্থের আসল পরিমান প্রকাশ করেনি। ফলে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হয় ডিআইএস। তারা স্বত্ব অনুযায়ী অর্থ পায়নি।

২০১৫ সালে ডিআইএস দাবি করে যে, নেইমার তাদের সঙ্গে চুক্তি নিয়ে প্রতারণা করেছে। এরপর এই সংস্থাটি স্পেনের আদালতে নেইমারের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির মামলা করে। সেই মামলায় নেইমারের ২ বছরের কারাবাস এবং প্রায় ১০ মিলিয়ন ডলার জরিমানা দাবি করেছিল ব্রাজিলের বিনিয়োগ ফার্ম ডিআইএস। নেইমারের সঙ্গে তাঁর বাবা–মা, বার্সেলোনার প্রাক্ত প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ ও স্যান্ড্রো রোসেল এবং স্যান্টোসের প্রাক্তন প্রেসিডেন্ট ওদিলো রদ্রিগেজেকেও জড়ানো হয়। অভিযোগ অস্বীকার করে ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আবেদন করেছিলেন নেইমার। সেই আবেদনের মামলায় হেরে যান নেইমার।

গত ১৬ অক্টোবর নেইমার স্পেনের আদালতে হাজিরা দেন। শুনানিতে তিনি বলেন যে, চুক্তির বিষয়ে বেশি কিছু জানতেন না। তাঁর বাবা চুক্তি সম্পন্ন করেছেন। তিনি শুধু প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছেন। সকলকে জেরার পর স্পেনের সরকারি আইনজীবী লুইস গার্সিয়া ক্যান্টন আদালতকে বলেন, ‘ন্যূনতম দুর্নীতিরও আভাস পাওয়া যায়নি।’ বিচারকদের কাছে অভিযুক্তদের খালাসের আবেদন জানান তিনি। বিচার অবশ্য এখনও শেষ হয়নি। সোমবার এই মামলার বিচারের শেষদিন। ভিডিও কনফারেন্সে কথা বলবেন নেইমার ও তাঁর বাবা–মা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!