- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২, ২০২২
নেদারল্যান্ডের কাছে পরাজয়, শেষ চারের স্বপ্ন শেষ জিম্বাবোয়ের
পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমক দিয়েছিল জিম্বাবোয়ে। পরের ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও শেষ চারে যাওয়ার সুযোগ ছিল জিম্বাবোয়ের সামনে। নেদারল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে তুলেছিল ১১৭। জবাবে ১৮ ওভারে ১২০/৫ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ড।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবোয়ে। শুরু থেকেই ফ্রেড ক্লাসেন, ব্রান্ডেন গ্লোভার, পল ভ্যান মেকেরেনদের দাপটে জিম্বাবোয়ের রান তোলার গতি খুব শ্লথ ছিল। জিম্বাবোয়ের ইনিংসে প্রথম আঘাত হানেন ভ্যান মেকেরেন। তুলে নেন ওয়েসলে মাধেভেরেকে (১)। এরপর অধিনায়ক ক্রেগ আরভিন (৩) ও চাকাভাকে (৫) ফিরিয়ে জিম্বাবোয়ের টপ অর্ডারে ধস নামান ব্রান্ডেন গ্লোভার।
৬ ওভারের মধ্যে ২০ রানের ৩ উইকেট হারিয়ে চাপে পরে যায় জিম্বাবোয়ে। সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেস্টা করে। যদিও সেই জুটি দীর্ঘস্থায়ী হয়নি। দ্বাদশ ওভারের পঞ্চম বলে সিন উইলিয়ামসকে (২৩ বলে ৩৮) তুলে নিয়ে জুটি ভাঙেন মেকেরেন। পরের ওভারে আউট হন মিল্টন সুম্বা (২)। চতুর্দশ ওভারে সিকান্দার রাজা (২৪ বলে ৪০) আউট হতেই ভেঙে পড়ে জিম্বাবোয়ের লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ২৯ রানে ৩ উইকেট নেন পল ভ্যান মেকেরেন। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বাস ডি লিড। গ্লোভার ও ভ্যান ব্রিকও ২ টি করে উইকেট নেন।
কম রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে জিম্বাবোয়ের বোলাররা শুরুতে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন নেদারল্যান্ডকে। চতুর্থ ওভারে স্টিফেন মাইবার্গকে (৮) তুলে নেন চলতি টি২০ বিশ্বকাপে নজর কাড়া মুজারাবানি। কিন্তু সেই চাপ আর ধরে রাখতে পারেনি। ম্যাক্স ওডোড ও টম কুপার জুটি বেঁধে নেদারল্যান্ডকে এগিয়ে নিয়ে যান। জুটিতে ওঠে ৭৩ রান। ১৩ তম ওভারে তম কুপারকে (২৯ বলে ৩২) তুলে নিয়ে জুটি ভাঙেন লংউই। ৪৭ বলে ৫২ রান করে আউট হন ওডোড। তাঁকে ফেরান মুজারাবানি। দ্রুত ৪ উইকেট হারালেও জয় আটকায়নি নেদারল্যান্ডের। ১৮ ওভারে ১২০/৫ রান তুলে ম্যাচ জিতে নেয় তারা।
❤ Support Us







